রংপুর, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর শহরে অটোটেম্পু শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার দুপুর থেকে তারা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে।
শহরের মাহীগঞ্জ শহীদ মিনার এলাকায় দুপুরে মোটর শ্রমিকদের হামলায় অন্তত ১২ জন অটোটেম্পু শ্রমিক আহত হওয়ার অভিযোগ পাওয়া যায়।
এ সময় উভয়পক্ষ মহাসড়কে বেশ কয়েকটি অটোটেম্পু ও বাস ভাংচুর করে।
হামলায় আহত অটোটেম্পু শ্রমিক সোহেল চৌধুরী ও নান্নুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
হামলাকারীদের গ্রেপ্তার ও চালকদের নিরাপত্তার দাবিতে অটোটেম্পু শ্রমিকরা এ ধর্মঘটের ডাক দেয়।
এদিকে বাস ভাংচুরের প্রতিবাদে মাহীগঞ্জ সাতমাথা এলাকায় মটর শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে দুপুর ১২টা থেকে একঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
পুলিশ জানায়, মোটর শ্রমিকরা সোমবার কয়েকজন অটোটেম্পু চালককে মাহীগঞ্জ এলাকায় মারধর করে।
এর প্রতিবাদে মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাহীগঞ্জ শহীদ মিনার এলাকায় অটোটেম্পু চালক সমিতি এক প্রতিবাদ সমাবেশ ডাকে।
সভা শুরুর পরপরই কিছু লোক লাঠিসোটা নিয়ে সভায় হামলা চালায়।
এ সময় ১২ জন অটোটেম্পু চালক আহত হয়। তিনটি বাস ও পাঁচটি অটোটেম্পু ভাংচুর করা হয়।
বাস ভাংচুরের প্রতিবাদে মোটর শ্রমিকরা মাহীগঞ্জ এলাকায় মহাসড়ক অবরোধ করলে রংপুরের সঙ্গে লালমনিরহাট ও কুড়িগ্রামের যোগাযোগ বন্ধ হয়ে যায়।
দুপুর সোয়া ১টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
কোতওয়ালি থানার ওসি আব্দুর রশীদ জানান, পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। কোনো পক্ষই এখনো মামলা বা অভিযোগ করেনি।
এ ব্যাপারে অটোটেম্পু চালক সমিতির যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম দুদু অভিযোগ করেন, সোমবার মোটর শ্রমিক ইউনিয়নের ভাড়াটে সন্ত্রাসীরা কয়েকটি অটোটেম্পু আটক করে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাদের তারা মারধর করে। ওই ঘটনায় মঙ্গলবার প্রতিবাদ সমাবেশ করলে সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাদের ১২ জন চালককে আহত করে।
তিনি বলেন, "হামলাকারীদের গ্রেপ্তার ও চালকদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত রংপুরে ছয় হাজার অটোটেম্পু চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।"
এদিকে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, বেশ কিছুদিন ধরে অটোটেম্পু চালকরা বিভিন্ন স্থানে বাস আটকে মোটর শ্রমিকদের মারধর করছে। এর প্রতিবাদে সভার নামে তারা বাস ভাংচুর করেছে।
এ ঘটনা এলাকাবাসী প্রতিরোধ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২২৩০ ঘ.
bdnews24