ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনের অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব ও উপসচিব পর্যায়ের নয় কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।
মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয় এসব রদবদলের আদেশ জারি করে।
তাদের মধ্যে তিনজন অতিরিক্ত সচিব, দুইজন যুগ্ম-সচিব এবং চারজন উপসচিব।
অতিরিক্ত সচিবদের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের মোস্তফা মহিউদ্দিনকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নিয়োগ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে নতুন করে পদায়ন করা হয় ওএসডি এটিএম মর্তুজা রেজা চৌধুরীকে।
এছাড়া ওএসডি অতিরিক্ত সচিব হাফিজুর রহমানকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
যুগ্ম-সচিবদের মধ্যে ওএসডি শওকত আলী ওয়ারেসিকে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে পদায়ন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আবুল হোসেনকে ওএসডি করা হয়।
উপসচিব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে প্রাইভেটাইজেশন কমিশনের সচিব এজিএম মীর মশিউর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক শামসুল আলমকে প্রাইভেটাইজেশন কমিশনের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন ওমর ফারুককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক এবং মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. হেলাল উদ্দিনকে পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (বিপিআই) সচিব পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২২৩৫ ঘ.
bdnews24