ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার জন্য শিক্ষার্থীদের সব তথ্য আগামী ৬ মে'র মধ্যে সংশ্লিষ্ট উপজেলা ও থানা শিক্ষা কার্যালয়ে পৌঁছুতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা শিক্ষার্থীদের এসব তথ্য সংশ্লিষ্ট কার্যালয়ে পাঠাবেন।
সোমবার তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না পাঠালে ওই প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে না। নভেম্বর মাসে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা কারিকুলাম ও পাঠ্যসূচী অনুসরণে পরিচালিত সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে পরীক্ষার্থীদের (ডেসক্রিপটিভ রোল) ডিআর তথ্য ৬ মে'র মধ্যে সংশ্লিষ্ট উপজেলা ও থানা শিক্ষা কার্যালয়ে পাঠাতে হবে।
শিক্ষা কার্যালয় কর্তৃপক্ষ ৩০ মে'র মধ্যে ডিআর তথ্য কম্পিউটারে লিপিবদ্ধ করে পরীক্ষার্থীদের তালিকা তৈরি করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২০০৫ ঘ.
bdnews24