ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৩ আসনের উপনির্বাচনের ফল বাতিল এবং প্রধান নির্বাচন কমিশনারসহ তিন কমিশনারের পদত্যাগ দাবিতে নির্বাচন কমিশন অভিমুখে মিছিল করছে বিএনপি।
সোমবার বিকাল ৪টা ১০ মিনিটে মুক্তাঙ্গন থেকে শুরু হয় মিছিল।
বিএনপি নেতা মীর্জা আব্বাস ও সাদেক হোসেন খোকা মিছিলে নেতৃত্ব দিচ্ছেন। মিছিল শুরুর আগে সারাদেশে আগামী ৯ মে জেলা নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে মিছিলের কর্মসূচি দেওয়া হয়।
স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। মুক্তাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশ করে আমরা নির্বাচন কমিশন অভিমুখে মিছিল শুরু করবো।"
গত ২৪ এপ্রিল অনুষ্ঠিত ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন জয়ী হন। নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন হাফিজ উদ্দিন আহমেদ। সংসদ সদস্য হিসেবে শনিবার শপথ নিয়েছেন শাওন।
বিএনপি নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ আনলেও নির্বাচন কমিশন (ইসি) তা নাকচ করে।
বিএনপির কর্মসূচি উপলক্ষে সাদা পোশাকেও পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও জনসংযোগ কর্মকর্তা মো. ওয়ালিদ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "রাজধানীতে আইন-শৃঙ্খলা বিনষ্ট হতে পারে এরকম কোনো কর্মকাণ্ড হতে দেওয়া হবে না। দেড় হাজার পুলিশের বাইরে সাদা পোশাকধারী পুলিশও মোতায়েন থাকবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/এজে/এমআই/১৬২৫ ঘ.
bdnews24