ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের ৫৮ বছর পূর্তি উপলক্ষে রোববার থেকে মাসব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেলিন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কর্মসূচি সূচনা হয়।
পরে সেখান থেকে সংগঠনের কর্মীরা দৈনিক সংবাদ অফিসে গিয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিশুদের নির্যাতন, হত্যা এবং কিশোরীদের আত্মহননের ঘটনার প্রতিবাদে সংগঠনের দুই শতাধিক কর্মী মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এসময় সাধারণ সম্পাদক লেলিন চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আবু সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে শিশু নির্যাতন ও শিশু-কিশোরদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
১৯৫২ সালের ২মে খেলাঘরের যাত্রা শুরু হয়। বর্তমানে সারা দেশে সংগঠনটির চার শতাধিক শাখা এবং এক লাখেরও বেশি সদস্য রয়েছে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/২২৫২ ঘ.
bdnews24