২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্যাতনে শিশু গৃহকর্মী মরণাপন্ন

গৃহকর্ত্রীর নির্যাতনে গাজীপুরের এক গৃহকর্মী মৃত্যুর সঙ্গে লড়ছে হাসপাতালে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2010, 12:40 PM

Updated : 24 Aug 2022, 09:02 PM

গাজীপুর, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গৃহকর্ত্রীর নির্যাতনে গাজীপুরের এক গৃহকর্মী মৃত্যুর সঙ্গে লড়ছে হাসপাতালে। গৃহকর্মী শিমুল (১১) পুলিশকে জানায়, টঙ্গীর মধ্য আরিচপুরে ঘর গোছাতে গিয়ে সে গত বুধবার একটি ফুলদানি ভেঙে ফেলে। এ কারণে গৃহকর্ত্রী মাহফুজা আক্তার সোমা তার (শিমু) পায়ু পথে গরম খুন্তি ঢুকিয়ে দেন। এতে শিমুল গুরুতর আহত হলেও চিকিৎসা না দিয়ে ঘরে রেখে দেওয়া হয়। এক পর্যায়ে পায়খানা-প্রস্রাব বন্ধ হয়ে পেট ফুলে গেলে শুক্রবার রাতে তাকে টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগে রেখে চলে যান গৃহকর্ত্রী সোমা। শনিবার টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. ইসমাইল হেসেন জানান, গরম খুন্তি ঢুকিয়ে দেওয়ায় শিমুলের পায়খানার রাস্তায় ইনফেকশন এবং পায়ুপথ বন্ধ হয়ে পেট ফুলে গেছে। গায়ে প্রচণ্ড জ্বর আসে। অবস্থা বেশ সঙ্কটাপন্ন হওয়ায় শুক্রবার রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিমুরের বরাত দিয়ে টঙ্গী থানার উপ-পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি চেপে রাখতে তাকে চিকিৎসা দেওয়া হয়নি। শুক্রবার রাতে শিমুলকে হাসপাতালে আনা হলে নির্যাতনের ঘটনা প্রকাশ পায়। এ ঘটনায় টঙ্গী থানার সহকারী উপ-পরিদর্শক মো. শাহিন বাদী শুক্রবার একটি মামলা দায়ের করেছেন। রাতেই গৃহকর্ত্রী সোমাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমা গরম খুন্তি ঢুকিয়ে দেওয়ার কথা অস্বীকার করে বলেন, খেলতে গিয়ে শিমুরের পায়ু পথে কঞ্চি ঢুকেছিল। শিমুল গত ৪/৫ বছর ধরে সোমাদের বাড়িতে কাজ করছে। তার গ্রামের বাড়ি পিরোজপুরের নামাজপুর এলাকায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৯ ঘ.