২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় চার লাশ উদ্ধার

সাভারে ডোবা থেকে শুক্রবার সন্ধ্যায় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2010, 08:02 PM

Updated : 24 Aug 2022, 09:00 PM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে ডোবা থেকে শুক্রবার সন্ধ্যায় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। একইদিন গোপালগঞ্জে নদী থেকে উদ্ধার করা হয় এক অজ্ঞাত যুবকের লাশ। গাজীপুরের কালীগঞ্জ ও সদর থেকে পুলিশ শিশুসহ দুইটি লাশ উদ্ধার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ- সাভার: সাভারের বাইপাইল এলাকার একটি ডোবা থেকে সন্ধ্যায় পুলিশ এক কিশোরের লাশ উদ্ধার করেছে। নিহত মো. জাভেদ (১২) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক আবিদ খান জানান, সন্ধ্যায় স্থানীয়রা ডোবার মধ্যে একটি লাশ দেখে পুলিশে খবর দেয়। বৃহস্পতিবার বাসা থেকে বের হয়ে জাভেদ আর ফেরেনি বলে তার পরিবারের উদ্ধৃতি দিয়ে ওই পুলিশ কর্মকর্তা জানান। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গোপালগঞ্জ: কোটালীপাড়া উপজেলার শৈলদাহ নদী থেকে সকালে অজ্ঞাত (২৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর লাশ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক দলিল উদ্দিন জানান, উপজেলার রাধাগঞ্জ বাজার সংলগ্ন খেয়াঘাট এলাকায় শৈলদাহ নদীতে অজ্ঞাত যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। লাশের শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ৪/৫ দিন আগে তাকে হত্যা করা হতে পারে বলে তিনি জানান। গাজীপুর: কালীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামে বৃহস্পতিবার বাড়ির পাশের কুয়া থেকে ২০ দিন বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাবিকুন্নাহার ওই গ্রামের মোর্শেদ আলম ও লাকি দম্পতির একমাত্র সন্তান। নিহত শিশুর দাদা মোতালেব হোসেন শেখ জানান, সাবিকুন নাহারের মা লাকি বিকালে তার মেয়েকে দুধ দিয়ে ঘুম পাড়িয়ে ঘরের অন্যান্য কাজে যান। এর কিছুক্ষণ পর ফিরে এসে শিশুকে না পেয়ে সবাইকে জানান। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের কুয়ায় সাবিকুন নাহারের মৃতদেহ পাওয়া যায়। জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা এ শিশুকে কুয়ায় ফেলে হত্যা করেছে বলে মোতালেব হোসেন শেখের ধারণা। কালীগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, এ ব্যাপারে শিশুটির বাবা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। রাতে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এদিকে জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. কামাল হোসেন জানান, শুক্রবার সকালে সদর উপজেলার আঙ্গুটিয়ার চালা এলাকা থেকে পুলিশ এক যুবকের (৩৫) জবাই করা লাশ উদ্ধার করেছে। তার পরনে খয়েরি রংয়ের শার্ট ও কালো প্যান্ট ছিল। তিনি বলেন, স্থানীয় কমুরুদ্দিন মাতব্বরের বাড়ির দক্ষিণে একটি পতিত জমিতে গর্ত থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১৩৯ ঘ.