ভোলা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত এক সপ্তাহে প্রায় দুই হাজার রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৮৩ জন রোগী ভর্তি করা হয়েছে বলে সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে।
ডায়রিয়ায় সদর উপজেলার ইলিশা গ্রামে দুই শিশু মারা গেছে বলে স্থানীয়রা জানালেও জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ কে এম মিজানুর রহমান দাবি করেন, কেউ মারা যায়নি।
তারা জানায়, গ্রামের মাইনুদ্দিনের ছেলে শামীম (৬) ও মনিরের ছেলে জাহিদ (৫) বাড়িতে মারা যায় মঙ্গল ও বুধবার।
বৃহস্পতিবার দুপুরে ভোলা সদর হাসপাতালের ডায়রিয়া বিভাগে গিয়ে দেখা যায়, শয্যা না পেয়ে অনেক রোগী মেঝেতে আছেন।
ডা. মিজানুর রহমান জানান, গত এক সপ্তাহে সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন, তজুমদ্দিন, চরফ্যাশন ও মনপুরা উপজেলায় প্রায় দুই হাজার লোক আক্রান্তের খবর তারা পেয়েছেন।
তাদের কাছে শুধু হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের তথ্য আছে জানিয়ে সিভিল সার্জন বলেন, অনেক রোগী হাসপাতালে আসে না।
ডায়রিয়া নিয়ন্ত্রণে জেলায় ৯৩টি মেডিকেল টিম কাজ করছে বলে ডা. মিজান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩৫ ঘ.
bdnews24