২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসআই গৌতম হত্যা: 'দ্বিতীয়' জাকির রিমান্ডে

এসআই গৌতম হত্যা মামলায় 'দ্বিতীয়' জাকিরকে (কাইল্যা জাকির) চারদিন গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2010, 02:18 PM

Updated : 24 Aug 2022, 08:58 PM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসআই গৌতম হত্যা মামলায় 'দ্বিতীয়' জাকিরকে (কাইল্যা জাকির) চারদিন গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকেলে ঢাকার মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার খান ডিবির হাতে গ্রেপ্তার কাইল্যা জাকির ও আব্দুর রউফ ভুইয়া সোহেলকে হেফাজতে জিজ্ঞাসাবাদের এ অনুমতি দেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক রুহুল আমিন তাদের জিজ্ঞাসাবাদে ১০ দিনের হেফাজত চান। এর আগে মঙ্গলবার 'প্রথম' জাকিরকে (জাকির হোসেন) চারদিনের হেফাজতে নেয় ডিবি। মঙ্গলবার হেফাজতে নেওয়া জাকির হোসেনকে র‌্যাব গ্রেপ্তার করে বলে জানান তিনি। রুহুল আমিন শুনানির সময় বলেন, "এ জাকিরই আসল হত্যাকারী কাইল্যা জাকির। মঙ্গলবার হেফাজতে নেওয়া জাকির আসল হত্যাকারী জাকির নয়।" গত ২৬ ফেব্র"য়ারি এ মামলার তদন্ত ভার ডিবিকে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার হেফাজতের আবেদনে বলা হয়, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও হত্যার উদ্দেশ্য জানতে হেফাজতে জিজ্ঞাসাবাদ করা জরুরি। হেফাজতের শুনানির সময় কাইল্যা জাকির ও সোহেলের পক্ষে হেফাজত আবেদন বাতিল বা জামিনের আবেদন ছিলো না। এদিকে বুধবার আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর সময় গ্রেপ্তার জনি হোসেন মানিককে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে একই তদন্ত কর্মকর্তা মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠিয়ে তার সাতদিনের হেফাজত চান। শুনানি শেষে মহানগর হাকিম মোমিনুল হাসান দুই দিনের হেফাজত মঞ্জুর করেন। আবেদনে বলা হয়, এসআই হত্যাকাণ্ডে জনি জড়িত বলে এর আগে গ্রেপ্তার আসামিরা বিভিন্ন জবানবন্দিতে উল্লেখ করেছে। তাই তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। এসময় তার পক্ষে হেফাজত আবেদন বাতিল করে জামিন চাওয়া হলে তা নাকচ করে আদালত। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে জনির বিরুদ্ধে একটি হত্যা মামলা বিচারাধীন বলে আদালতে জানান তদন্ত কর্মকর্তা রুহুল আমিন। বংশাল থানার উপপরিদর্শক গৌতম কুমার রায় গত গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর সূত্রাপুর থানাধীন ধোলাইখাল এলাকায় গুলিতে খুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২০০৪ ঘ.