চাঁদপুর, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে সামনে রেখে গত ২২ এপ্রিল থেকে কোনো ধরনের লোডশেডিং নেই চাঁদপুর শহরে।
শহরবাসী বলছে, প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরের পর আগের মতোই প্রতিদিন অনেকবার হবে লোডশেডিং।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার চাঁদপুর সফরে আসবেন। তার সফরসঙ্গী হিসেবে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ও সদর আসনের সাংসদ দীপু মনি।
সফরে চাঁদপুর শহরের বালুর মাঠ গ্রিড উপকেন্দ্রে ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
চাঁদপুর বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ কে দাস গুপ্ত শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জেলার ৬৬ মেগাওয়াট চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে ৩০-৩২ মেগাওয়াট। তবে গত কয়েকদিন শহরের ১৬ মেগাওয়াট চাহিদার পুরোটাই পাচ্ছি আমরা।"
প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে শহরের বিদ্যুৎ চাহিদার পুরোটা পাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, "আসলে বিষয়টি তা নয়। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পাওয়ায় আমরা এখন শহরের চাহিদার পুরো অংশই পাচ্ছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৫২৫ ঘ.
bdnews24