২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে বিএনপির মিছিলে হামলার অভিযোগ

রাজধানীর পল্লবীতে শুক্রবার বিকালে বিএনপির মিছিলে ক্ষমতাসীন দল ও এর সহযোগী সংগঠনের কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2010, 03:38 PM

Updated : 24 Aug 2022, 08:45 PM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীতে শুক্রবার বিকালে বিএনপির মিছিলে ক্ষমতাসীন দল ও এর সহযোগী সংগঠনের কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে বিএনপির ২০ নেতাকর্মী আহত হন বলে দলের স্থানীয় নেতারা দাবি করেছেন। তবে পুলিশ বরছে, হামলা নয়, বিএনপির দুই গ্র"পের মধ্যে রূপনগর এলাকার চলন্তিকা ক্লাব মোড়ে বিকালে সংঘর্ষে হয়েছে। ঘটনাস্থল থেকে ৭৬ জনকে আটক করা হয়। প্রধান বিরোধী দল অভিযোগ করেছে, বিদ্যুৎ, পানি ও গ্যাস সংকট এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মহানগর বিএনপি মিছিল বের করলে আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীরা তাতে হামলা চালায়। এর জের ধরে সংঘর্ষের সূত্রপাত হয় বলে দলের নেতা-কর্মীরা দাবি করেন। সংঘর্ষ চলাকালে আশপাশের দোকান-পাটে ব্যাপক লুটপাটের ঘটনা ঘটে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। পল্লবী থানার উপ-পরিদর্শক আফজাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাস্থল থেকে ৭৬ জনকে আটক করা হয়েছে। তবে এদের বিরুদ্ধে মামলা হবে কি না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।" এদের মধ্যে রয়েছেন- ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আহসানউল্লাহ হাসান ও ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদ খান ও বিএনপির বেশ কয়েকজন মহিলা নেতাকর্মী। পল্লবী অঞ্চলের সহকারী কমিশনার মো. জসিমউদ্দিন মোল্লা জানান, বিকালে বিএনপির আয়োজনে পানি ও গ্যাস সংকটের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় তাদের নিজেদের মধ্যেই সংঘর্ষ বাধে। তারা মারামারি ও ব্যাপক ইটপাটকেল ছোড়ে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়ে আশেপাশের হাসপাতালে ভর্তি হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। চলন্তিকা ক্লাবের ভেতর থেকে লাঠিসোঠা ও ইটপাটকেল উদ্ধার করা হয় বলেও তিনি জানান। এ ব্যাপারে স্থানীয় যুবদল নেতা আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহানগর বিএনপি ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকাল ৩টায় বিএনপি কর্মীরা মিছিল নিয়ে চলন্তিকা ক্লাবে সমবেত হতে শুরু করে। বিকাল সাড়ে ৩টার দিকে আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীরা মিছিল বের করে। এক পর্যায়ে তারা লাঠিসোঠা নিয়ে বিএনপির মিছিলে হামলা চালায়। ওই সময় তাদের সঙ্গে পুলিশও বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটা করে বলে তিনি অভিযোগ করেন। আশরাফুল আরো অভিযোগ করেন, বিএনপি নেতাকর্মীরা চলন্তিকা ক্লাবে আশ্রয় নিলে বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়। পরে পুলিশ সেখান থেকে বহু নেতাকর্মীকে আটক করে। হামলায় তাদের অন্তত ২০ জন আহত হয়েছে বলেও তিনি দাবি করেন। প্রত্যক্ষদর্শী স্থানীয় হোটেল ব্যবসায়ী আলী আযম খান সাংবাদিকদের জানান, বিএনপির সমাবেশে আওয়ামী লীগের মিছিল থেকে হামলা হলে বিএনপি কর্মীরাও লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ এসে লাঠিপেটা ও ধরপাকড় চালায়। সংঘর্ষের সময় এলাকার হোটেল থেকে খাবার, কয়েকটি ডিপার্টমেন্ট স্টোর থেকে টাকা ও মালামাল লুট হয় বলে তিনি অভিযোগ করেন। তবে স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মশিউর রহমান দাবি করেন, বিএনপি নেতাকর্মীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা ও লুটপাট চালায়। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা তাদের বাধা দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পানি, বিদ্যুৎ ও গ্যাস সংকট এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মহানগর বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল হচ্ছে। ওইদিন দলটি নগরীর ১১টি এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। পল্লবীর মিছিলে কেন্দ্রীয় নেতা খন্দকার মোশাররফ হোসেন ও ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকার আসার কথা থাকলেও সংঘর্ষের কারণে তারা আসেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসআইটি/এসএইচএ/ডিডি/এইচএ/২১৩৫ ঘ.