লালমোহন (ভোলা), এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কারচুপি আড়াল করতেই বিএনপির প্রতিনিধিদলকে নির্বাচনী এলাকায় আসতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ভোলা-৩ আসনে দলটির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ।
উপনির্বাচনের একদিন আগে শুক্রবার সকালে লালমোহন উপজেলার প্রবেশপথ 'কুঞ্জের হাট' এলাকায় র্যাব ও পুলিশ বিএনপির কেন্দ্রীয় নেতা মওদুদ আহমেদ ও তার সঙ্গীদের বাধা দেয়।
এর সমালোচনা করে বিকালে হাফিজ বলেন, "নির্বাচন যে কারচুপির উপর করতে যাচ্ছে- তা আড়ালে রাখার জন্যে মিডিয়া ও দলের কেন্দ্রীয় নেতাদের বাধা দেওয়া হয়েছে।"
লালমোহন ও তজুমদ্দিন উপজেলা নিয়ে গঠিত ওই আসনে শনিবার ভোটগ্রহণ হবে। অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কাউকে ঢুকতে না দেওয়ার বিষয়ে ইসির কড়াকড়ি নির্দেশনা রয়েছে।
লালমোহন উপজেলায় নিজের বাসায় এক সংবাদ সম্মেলন তিনি হুঁশিয়ার করে বলেন, "কারচুপি হলে অথবা ভোটকেন্দ্রে যেতে সমর্থকদের বাধা দিলে ভোলা-৩ থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে।"
হাফিজ দাবি করেন, ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে।
বিএনপি সমর্থকদের ওপর হামলার পরও কেউ গ্রেপ্তার না হওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সমালোচনা করেন তিনি।
প্রতিপক্ষের হামলায় এ পর্যন্ত বিএনপির তিন শতাধিক কর্মী আহত হয়েছে দাবি করে হাফিজ বলেন, শুধু র্যাব-এর উপর ভরসা করে ইসি যেভাবে নির্বাচন করতে চাচ্ছে তাতে তার সমর্থকরা ভোটকেন্দ্রে যেতে পারবে কিনা সন্দেহ আছে।
"আমরা যা যা আশঙ্কা করেছি-তার সবটুকুই ঘটছে", মন্তব্য করেন বিএনপি প্রার্থী।
নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের কোনো বহিরাগত নেতাকর্মী নেই- তোফায়েলের এ দাবি অসত্য বলে প্রত্যাখ্যান করেন হাফিজ।
তিনি দাবি করেন, "সংবাদ সম্মেলনের সময় ওনার (তোফায়েল) পেছনে মতিঝিল যুবলীগ সভাপতি সাইফ, ভোলা যুবলীগের মুনীর ছাড়াও বহিরাগত নেতা মজনু মোল্লা, মুন্না, স্বপনসহ অনেকে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- হাফিজের প্রধান নির্বাচন সমন্বয়কারী আমান উল্লাহ আমান ও এজেন্ট সাবেক সাংসদ হাফিজ ইব্রাহীম।
এর আগে লালমোহনের শাহবাজপুর কলেজ মাঠে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ প্রাথী নূরুন্নীব চৌধুরী শাওনের মুল নির্বাচন সমন্বয়কারী তোফায়েল আহমেদ বিএনপি নেতাদের লালমোহনে আসার চেষ্টার সমালোচনা করেন।
বিএনপি পরিস্থিতি জটিল করতে চায় অভিযোগ করে তিনি বলেন, "তারা এসেছিলো সিন ক্রিয়েট করতে।"
তোফায়েল আরো বলেন, "এখানে আওয়ামী লীগের একজন লোকও বহিরাগত নয়। আর আমি আমাদের প্রার্থীর প্রচারের সমন্বয়কারীর দায়িত্ব পালন করছি।"
পরাজয় বুঝতে পেরে বিএনপি নির্বাচন বানচাল করতে চায় দাবি করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এ সদস্য বলেন, সরকার তা হতে দেবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএসবি/১৯১৭ ঘ.
bdnews24