২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচারণার শেষদিনে বিচ্ছিন্ন সংঘর্ষ, পাল্টাপাল্টি দাবি

ভোলা-৩ আসনে উপনির্বাচনের প্রচারণার শেষদিন বৃহস্পতিবার বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছে বলে দুই পক্ষই দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2010, 06:55 PM

Updated : 24 Aug 2022, 08:43 PM

ভোলা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলা-৩ আসনে উপনির্বাচনের প্রচারণার শেষদিন বৃহস্পতিবার বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছে বলে দুই পক্ষই দাবি করেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধীদল বিএনপির প্রার্থীরা সংবাদ সম্মেলন করে হামলা-সংঘর্ষ, পোলিং এজেন্ট নিয়োগসহ বিভিন্ন বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ ও দাবি করেন। লালমোহন ও তজুমদ্দিন উপজেলা নিয়ে গঠিত এ আসনটিতে আগামী শনিবার ভোটগ্রহণ হবে। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন এবং বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ। নির্বাচনী প্রচারণার শেষ সময় ছিল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত পর্যন্ত। দুই দলের প্রার্থী ও নেতাকর্মীরা শেষ সময় পর্যন্ত এলাকায় এলাকায় জনসংযোগ, মিছিল-সমাবেশে করেছে। সংঘর্ষের অভিযোগ পাওয়ার বিষয়টি জানিয়ে রিটার্নিং কর্মকর্তা নূরুজ্জামান তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সে জন্যই আমরা মনে করছি না, শান্তিপূর্ণভাবে প্রচারণা শেষ হয়েছে।" তিনি বলেন, রাত ৮টার দিকে বিএনপি প্রার্থী হাফিজ পাঁচটি ছোটোখাটো সংঘর্ষের অভিযোগ করেছেন। বিষয়টি নির্বাচনী তদন্ত কমিটিকে জানানো হবে। রিটার্নিং কর্মকর্তা বলেন, "ভোটগ্রহণে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীসহ সবাই প্রস্তুত। এখন আমরা প্রার্থী ও ভোটারদের কাছে আহ্বান জানাচ্ছি সবাই যেন নির্বাচনী আচরণবিধি মেনে চলেন।" তিনি জানান, শুক্রবার সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে ব্যালট, ভোট বাক্সসহ প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, তজুমদ্দিন উপজেলার চাঁচড়া এবং লালমোহন উপজেলার বদরপুর, কালমা, ধলিগৌর নগর, তালতলা, ফরাশগঞ্জসহ কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনার জন্য আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরকে দায়ী করেছে। র‌্যাব ও পুলিশ অভিযান চালালেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ ব্যাপারে জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট বশির আহমেদ রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংঘর্ষে আহতের বিষয় পুলিশের কাছে কোনো অভিযোগ আসেনি। তবে ছোটোখাটো দু-একটি বিচ্ছিন্ন ঘটনা যে ঘটেনি তা নয়।" তিনি বলেন, লালমোহনে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। প্রচারণা: গভীর রাত পর্যন্ত দু'পক্ষের প্রচারণায় গোটা নির্বাচনী এলাকা মুখর ছিলো বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান। শেষদিনের পূর্ব নির্ধারিত জনসভা বাদ দিয়ে আওয়ামী লীগ এলাকায় এলাকায় মিছিল সমাবেশ করেছে। আর বিএনপি'র কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে ১৯টি দল বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছে। শেষদিনের প্রচারণায় দু'দলের প্রার্থীর পক্ষে নারীরাও আলাদাভাবে অংশ নেয়। আওয়ামী লীগ প্রার্থী শাওনের স্ত্রী ফারজানা চৌধুরী এবং বিএনপি প্রার্থীর হাফিজের স্ত্রী দিলারা হাফিজ এই প্রচারণায় নেতৃত্ব দেন। বিএনপি লালমোহনের জনসভা বাতিল করলেও বিকালে মিছিল ও পথসভা করেছে। গভীররাত পর্যন্ত এসব পথসভায় দলের প্রার্থী হাফিজউদ্দিন আহমেদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। লালমোহন সদরে আয়োজিত পথসভাটি শেষ পর্যন্ত জনসভায় রূপ নেয়। এছাড়া বিএনপি তজুমদ্দিন উপজেলার সোনাপুর, চাঁদপুর, শম্ভুপুর ইউনিয়নের প্রায় ২০টি গ্রামে গণসংযোগ ও পথসভা করে। বিকালে আওয়ামী লীগ প্রার্থী শাওনের পক্ষে দুই উপজেলার ৮৬টি ভোটকেন্দ্র এলাকায় প্রচার মিছিল হয়েছে। তজুমদ্দিনের ৩০টি এলাকায় সমাবেশ হয়েছে। এই কর্মসূচিতে স্থানীয় নেতারা অংশ নিয়েছেন। প্রচারণার শেষদিনে আওয়ামী লীগর তজুমদ্দিন এবং বিএনপি'র লালমোহন উপজেলা সদরে নির্বাচনী জনসভা করার কথা ছিল। সংবাদ সম্মেলন: বিকালে বিএনপি প্রার্থী হাফিজ লালমোহনে নিজের বাসায় সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, নির্বাচনী এলাকায় এখনো প্রচুর সংখ্যক অস্ত্রধারী অবস্থান করছে। এছাড়া তার কর্মী সমর্থকদের ইতোমধ্যে আওয়ামী লীগের কর্মীরা ঘরছাড়া করেছে দাবি করে হাফিজ বলেন, ভোটকেন্দ্রের পোলিং এজেন্ট নিয়োগের জন্য নির্বাচনী এলাকার বাইরে থেকে কর্মী আনার প্রয়োজন হতে পারে। লালমোহনের শাহবাজপুর সরকারি কলেজ মাঠে পাল্টা সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচন সমন্বয়ক তোফায়েল আহমেদ দাবি করেন, পোলিং এজেন্টের ছদ্মবেশে বিএনপি নির্বাচনী এলাকায় বহিরাগতদের নিয়ে আসবে। এসব পোলিং এজেন্ট ভোট শুরুর কিছুক্ষণ পর সুনির্দিষ্ট কারণ ছাড়া কেন্দ্র ত্যাগ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাবে বলে তিনি দাবি করেন। তোফায়েল বলেন, একজন প্রার্থী এলাকার মানুষকেই সাধারণত পোলিং এজেন্ট নিয়োগ করে থাকে। বিএনপির কী এই এলাকায় পোলিং এজেন্ট করার মতো কেউ কি নেই? বিএনপি প্রার্থী অভিযোগ করেন, তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা মাইকে বিএনপির ভোটারদের নির্বাচনের দিন ঘর বের না হতে হুমকি দিয়েছে। তিনি দাবি করেন, ক্ষমতাসীন দলের অন্তত এক হাজার 'সন্ত্রাসী' স্থল ও নৌপথে নির্বাচনী এলাকায় এসে গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়েছে। র‌্যাব ও পুলিশকে এসব জানিয়ে কোনো সমাধান হচ্ছে না। নির্বাচনী এলাকায় কেন্দ্রীয় নেতারা অবস্থান করবে জানিয়ে দলটির সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, তারা আইন প্রণেতা, সন্ত্রাসী নন। তাই নির্বাচনের দিন এলাকায়ই থাকবেন। পারলে পুলিশ তাদের গ্রেপ্তার করুক। অন্যদিকে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ দাবি নাকচ করে দিয়ে আওয়ামী লীগ নেতা তোফায়েল বলেন, নেতাকর্মীরা আহত হয়েছে বলে হাফিজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাছে অভিযোগ করেছেন। অথচ এসবের তদন্তে নির্বাচনী তদন্ত কমিটিকে সহায়তা করলেন না। দেখিয়ে দিলেন না আহতরা কোথায়। সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী জানান, নাজিম উদ্দীন আলম হাসপাতালে চিকিৎসাধীন থাকায় দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানকে তার নির্বাচন সমন্বয়ক মনোনীত করা হয়েছে। স