রাজবাড়ী, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলার গোয়ালন্দ পৌরসভার একটি এলাকা থেকে হাতে তৈরি বোমার মত দেখতে দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকালে ৪টার দিকে পৌরসভার দেওয়ান পাড়ার একটি বাড়ির পাশ থেকে বস্তু দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেওয়ান পাড়ার কে এম সাইফুল্লাহ দেওয়ানের বাড়ির পশ্চিম পাশের বেড়া লাগোয়া মাটিতে পলিথিন দিয়ে ঢাকা অবস্থায় এগুলো পাওয়া যায়।
তিনি জানান, প্রায় ছয় ইঞ্চি উঁচু দুধের কৌটায় টেপ দিয়ে পেচানো আছে বস্তুগুলো। এগুলো থানায় এনে পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে।
ওসি আব্দুল খালেক বলেন, উদ্ধার করা বস্তু দুটি বোমা বলেই তারা ধারণা করছেন। বিষয়টি জেলার পুলিশ সুপারিনটেনডেন্টকে জানানো হয়েছে এবং বোমা কিনা তা নিশ্চিত হওয়ার জন্য বিস্ফোরক বিশেষজ্ঞের সহায়তা চাওয়া হয়েছে।
এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৬ ঘ.
bdnews24