মাদারীপুর, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণের দায়ে মাদারীপুরে এক ছাত্রনেতার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
দণ্ডিত সরোয়ার হোসেন মোল্লা মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজ ছাত্র সংসদের জিএস ছিলেন। তিনি সদর উপজেলার কুলপদ্দি গ্রামের মতিউর রহমান মোল্লার ছেলে। এখন পলাতক রয়েছেন।
মঙ্গলবার মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আতাউর রহমান এ রায় দেন।
মামলার নথি থেকে জানা যায়, মাদারীপুর সদরের কুলপদ্দী গ্রামের একটি বাসায় ২০০৫ সালের ২৮ ডিসেম্বরে রাতে সরোয়ার মোল্লা একই গ্রামের বাসিন্দা পূর্ব পরিচিত বাদিকে (ধর্ষিতা) বিয়ের প্রলোভন দিয়ে অশালীন প্রস্তাব দেয়। এতে তিনি রাজি না হওয়ায় এক পর্যায়ে তাকে ধর্ষণ করে।
এ ঘটনায় ২০০৬ সালের ১৮ মার্চ সরোয়ার মোল্লাসহ তিনজনকে আসামি করে মাদারীপুর সদর থানায় মামলা করা হয়।
অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। দণ্ডিত সরোয়ার এখন পলাতক রয়েছে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি আহসানুল হক খান এবং আসামিপক্ষে ছিলেন ওবায়দুর রহমান খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৫ ঘ.
bdnews24