কুষ্টিয়া, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় শনিবার এক মাছ ব্যবসায়ীর জবাই করা লাশ উদ্ধার হয়েছে।
নিহত সেলিম কারিকর (৩৫) উপজেলার প্রাগপুর গ্রামের বজলু কারিকরের ছেলে। প্রাগপুর বাজারে মাছের ব্যবসা ছিলো তার।
শনিবার সকালে পার্শ্ববর্তী গঙ্গারামপুর গ্রামের একটি মাঠ থেকে সেলিমের লাশ উদ্ধার করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন দৌলতপুর থানার ওসি হাসান হাফিজুর রহমান।
তিনি জানান, সেলিম শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। এরপর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না। সকালে গঙ্গারামপুর গ্রামের একটি মাঠে একজনের জবাই করা লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় স্বজনরা সেলিমের লাশ শনাক্ত করে।
ময়না তদন্তের জন্য তার লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে বলেও জানান ওসি হাসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১১১ ঘ.
bdnews24