২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে ২ যুবলীগকর্মী তিনদিনের রিমান্ডে

পঞ্চগড়ে ছাত্রলীগকর্মী ফারুক হত্যা মামলায় গ্রেপ্তার দুই যুবলীগকর্মীকে তিনদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2010, 01:04 PM

Updated : 24 Aug 2022, 08:24 PM

পঞ্চগড়, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ে ছাত্রলীগকর্মী ফারুক হত্যা মামলায় গ্রেপ্তার দুই যুবলীগকর্মীকে তিনদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। সোমবার মুখ্য বিচার বিভাগীয় হাকিম শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যুবলীগ কর্মী লিটন (২৪) ও মিজানুর রহমান ওরফে মঞ্জুরকে (২৮) পাঁচদিন জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হয়েছিল। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে এ দুজনের জড়িত থাকার কিছু প্রমাণ পাওয়া গেছে। আরো তথ্যের জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা দরকার। এসআই মিজান জানান, মামলা করার প্রথমদিনই ১৬ আসামির মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হলেও গত তিনদিনে আর কাউকে গ্রেপ্তার করা যায়নি। গত বৃহস্পতিবার পঞ্চগড় শহরের পুকুরের ইজারা নিয়ে বিরোধের জের ধরে দুই গ্র"পের সংঘর্র্ষে ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন (১৮) নিহত হন। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়। পরদিন শুক্রবার ফারুকের ভাই ফজলুল হক পঞ্চগড় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তার করা পাঁচজন ছাড়াও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবু তোয়াবুর রহমান আবু, দপ্তর সম্পাদক জুলফিকার আলী, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, যুবলীগের জেলা যুগ্ম সম্পাদক আমিনুর ইসলাম বাবু, সহ অর্থ সম্পাদক মেরাজ খান রিংকু, পৌর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান স্বাধীনসহ ১৬ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরো ১৫/১৬ জন ঘটনায় জড়িত বলে এজাহারে উল্লেখ করা হয়। ইতোমধ্যে মামলার আসামি যুবলীগের ছয় নেতাকর্মীকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৫৯ ঘ.