চট্টগ্রাম, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর আন্দরকিল্লা মোড়ে জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠন ছাত্রশিবিরের নেতাকর্মীদের হামলায় পুলিশসহ আটজন আহত হয়েছে।
সোমবার বিকাল ৫টার দিকে আসর নামাজ শেষে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে হঠাৎ করে এই হামলা চালায় বলে জানিয়েছেন মহানগর পুলিশের একজন কর্মকর্তা।
শিবিরকর্মীরা পাঁচটি গাড়ি ও একটি দোকান ভাংচুর করে। এ সময় আন্দরকিল্লা-বক্সিরহাট বিট ও এর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ঘটনাস্থল থেকে শিবিরের ১১ কর্মীকে গ্রেপ্তার করেছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের সভা করতে না দেওয়ার প্রতিবাদে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করে।
পুলিশ মিছিল করার কারণ জানতে চাইলে মসজিদের সিঁড়ি থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হঠাৎ লাঠিসোটা নিয়ে হামলা চালায়। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
গত ১২ ফেব্র"য়ারি পুলিশের করা মামলার কয়েকজন আসামিও ওই মিছিলে ছিলো।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র খুন হওয়ার ঘটনায় ওই দিন জামায়াত-শিবিরের নেতাকর্মদের সঙ্গে পুলিশে সংঘর্ষ হয়।
বনজ কুমার জানান, পুলিশ লাঠিচার্জ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। ওই সময় আন্দরকিল্লা সংলগ্ন বক্সিরহাট এলাকায় শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে একটি হাতে তৈরি বোমা নিক্ষেপ করে বলে তিনি দাবি করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৫ থেকে ৩০ রাউন্ড রাবার বুলেট ও ৩০ রাউন্ড কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করে বলে তিনি জানান।
১৫ থেকে ২০ মিনিট স্থায়ী হামলা ও সংঘর্ষের ঘটনায় পাঁচ পুলিশ সদস্যসহ আটজন আহত হয়েছে।
এদের মধ্যে চার পুলিশের নাম জানা গেছে। এরা হলেন- কনস্টেবল খোরশেদ, রফিক, মইনুদ্দিন ও কাদের। তাদের দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতয়ালি থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এরা হলেন- আব্দুল্লাহ, সেলিম, আলমগীর হোসেন, নুরুছাফা, শাহীন, জাবেদ, রুবেল (১), আহমেদ, রুবেল (২) ও আমিনুল।
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে প্রায় তিন প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়। সন্ধ্যা ৬টা নাগাদ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়।
এ ব্যাপারে মহানগর জামায়াতের আমীর সাংসদ শামসুল ইসলামের সঙ্গে বারবার যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রোববার মুক্তিযোদ্ধা, ছাত্র-জনতার ঘোষণার পর পুলিশের বাধায় কোতয়ালি থানাধীন দীদার মার্কেটের সাফা আর্কেড কমিউনিটি সেন্টারে নির্ধারিত সভা করতে পারেননি জামায়াতের সেক্রেটারি জেনারেল মুজাহিদ।
এর আগে চাঁপাইনবাবগঞ্জ, বগুড়াসহ কয়েকটি স্থানে সভা করতে গিয়ে প্রতিরোধের মুখে পড়েন মুজাহিদ।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার করতে ট্রাইব্যুনাল গঠনের পর তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতের অনেক নেতার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তদন্ত সংস্থার কাছে তুলে ধরা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২১০৯ ঘ.
bdnews24