ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা চেয়ারম্যানদের সন্ত্রাসে মদদ না দেওয়ার আহবান জানিয়ে এ ধরনের তৎপরতার ব্যাপারে কড়া ভাষায় তাদের সতর্ক করে দিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার উপজেলা চেয়ারম্যানদের এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "গুণ্ডাপাণ্ডা সাথে নিয়ে আপনারা ঘুরবেন না। তাহলে কাউকে ছাড়া হবে না।"
উপজেলা চেয়ারম্যানদের কাজের পরিধি ঠিক করা হচ্ছে আশ্বাস দিয়ে শেখ হাসিনা বলেন, উপজেলার আইনশৃংখলা রক্ষা, উন্নয়ন কর্মকাণ্ডসহ অন্যান্য কাজের কর্তৃত্ব উপজেলা চেয়ারম্যানদের হাতেই থাকবে।
উপজেলা পরিষদের কাজে সংসদ সদস্যদের হস্তক্ষেপ নিয়ে অনেকদিন ধরেই পরিষদের চেয়ারম্যানদের মধ্যে অসন্তোষ কাজ করছে। এ নিয়ে আন্দোলনও করেছে তারা।
কর্মশালায় এর আগে কয়েকজন চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কাছে তাদের ক্ষোভের কথা জানান।
শেরপুরের নালিতাবাড়ি উপজেলা চেয়ারম্যান বদিউজ্জামান বাদশা বলেন, "গত ১৪ মাস ধরে আমাদের কোনও কাজ নেই। সংসদ সদস্যরা আইন প্রণয়ন করবেন, এটাই তাদের কাজ। অথচ তারা আমাদের ওপর খবরদারি করছেন।"
তিনি আরও বলেন, "উপজেলা আইন-শৃংখলা কমিটির সভাপতির দায়িত্ব দিয়ে আবার এক সপ্তাহ পরেই ওই দায়িত্ব কেড়ে নিয়ে ইউএনও-এর হাতে দেওয়া হলো।"
উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের কথা মানেন না অভিযোগ করে তিনি তাদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন তৈরি করার ক্ষমতা দিতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন।
পটুয়াখালীর দুমকি উপজেলার চেয়ারম্যান হারুন-উর-রশিদ হাওলাদারের অভিযোগও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে। তিনি বলেন, বিএনপি সরকারের সময় হাওয়া ভবনের নির্দেশে ২২তম বিসিএসের মাধ্যমে যাদের চাকরি হয়েছিল, তাদের বেশির ভাগই এখন ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছে। এরা চাইছে উপজেলা পরিষদ ব্যবস্থা অকার্যকর করতে।
তিনি বলেন, "ইউএনওদের আইন শৃংখলা কমিটি, উন্নয়ন কমিটি, ভূমি অফিস, রেজিষ্ট্রি অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। আর ওই ক্ষমতা পেয়ে তারা উপজেলা চেয়ারম্যানদের প্রাপ্য সম্বোধন পর্যন্ত করে না।"
এসব শুনে প্রধানমন্ত্রী বলেন, "ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে চাই বলেই বিএনপির বাতিল করা উপজেলা পরিষদ আবার পূনর্বহাল করেছি। তবে উপজেলার বিষয়ে এখনো পুরো কাজ শেষ হয়নি। উপজেলা কার্যকর হতে একটু সময় লাগবে।"
তিনি বলেন, "আপনাদের যে দায়িত্ব দেওয়া আছে তা পালন করুন। নিজেরা কি পেলাম, না পেলাম তা না ভেবে জনগণের জন্য কাজ করুন। নিজের উপজেলার উন্নয়নের জন্য পরিকল্পনা তৈরি করুন। আমরা সেই পরিকল্পনা প্রয়োজনে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে অর্ন্তভূক্ত করবো।"
উপজেলা চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, "সরকারি কর্মকর্তাদের বলতে চাই, জনপ্রতিনিধি যখন প্রধান নিবার্হী হয়ে আসেন, তাকে তার প্রাপ্য সম্মান করতে হবে। আর জনপ্রতিনিধিরা যারা উপজেলা ও ইউনিয়ন পরিষদে বসবেন আপনারা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কাজ করবেন। আইনের শাসনের মধ্যে থেকে কাজ করবেন। আমি কার্যকর উপজেলা পরিষদ দেখতে চাই।"
এ প্রসঙ্গে সুঁচ ও সুতার সম্পর্ক টেনে তিনি বলেন, "সুঁইয়ের কাজ সুই করবে, সুতার করবে সুতার কাজ। আর সুঁই ও সুতা একই কাজ করলে কিছুই তৈরি হবে না।"
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রত্যেক উপজেলা চেয়ারম্যানকে একটি করে ইন্টারনেট সংযোগসহ ল্যাপটপ প্রদান করেন।
ইউএনডিপির কারিগরি সহযোগীতা, স্থানীয় সরকার বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন কর্মসূচির আওতায় এ কর্মশালার সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মনজুর হোসেন। বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রেনেটা লক ডেসালিয়েন।
আশরাফুল ইসলাম বলেন, "স্বৈরশাসক এরশাদ এই উপজেলার বিধান চালু করেছিলেন। জনপ্রতিনিধিরা এটা করেননি। এ দেশে গণতন্ত্রের শিকড় খুব একটা গভীরে পৌঁছেনি। তাই বিদেশীরা যখন স্থানীয় সরকার ব্যবস্থার কথা বেশি বেশি বলে জনগণ তখন শংকিত হয়ে পরে, এই বুঝি আবারও গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র শুরু হলো।"
তিনি আরও বলেন, "আমরা, আপনারা এবং সরকার এক সঙ্গে কাজ করতে পারলেই শুধু উপজেলা পরিষদ ব্যবস্থা সফল হবে। আর শক্তিশালী স্থানীয় সরকার হিসেবে উপজেলাকে গড়ে তুলতে হলে সংসদ সদস্যদের নিয়েই কাজ করতে হবে।"
কর্মশালায় ৮টি ব্যাচে মোট ৪'শ ৮১ টি উপজেলার চেয়ারম্যানদের প্রশিক্ষণ হবে। প্রথম ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে ১৩ এপ্রিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএস/জিএনএ/১৫৪৪
bdnews24