চাঁপাইনবাবগঞ্জ, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার ওয়াহেদপুর সীমান্তে রোববার মধ্যরাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ'র গুলিতে হাবিবুর রহমান (৩০) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জায়েদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত পৌনে ২টার দিকে কয়েকজন গরু ব্যবসায়ী সদর উপজেলার ওয়াহেদপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে।
দেড়শ মিটার ভেতরে যাওয়ার পর মুর্শীদাবাদ ১৫১ বিএসএফ ব্যাটালিয়নের চাঁদনীচক ফাঁড়ির জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই প্রাণ হারান হাবিবুর।
হাবিবুরের লাশ তার সঙ্গীরা বাংলাদেশ ভূখন্ডে নিয়ে আসে।
পুলিশ সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বিডিআর।
নিহত হাবিবুর সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কালুপুর গ্রামের সিরাজ মন্ডলের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএস/
bdnews24