ঝিনাইদহ, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়ার অঞ্চলে সক্রিয় কথিত চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের শীর্ষ কমান্ডার শাহীনুর রুমি ওরফে শাহীন ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হয়েছেন।
পশ্চিমবঙ্গের একজন পুলিশ কর্মকর্তার কাছ থেকে পাওয়া এক খবরের সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মো. শাহাবুদ্দিন খান।
শনিবার দিবাগত রাতে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর থানাধীন পাঁচপোতা গ্রামে থেকে শাহীনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক বনগাঁ মহকুমা পুলিশের একজন কর্মকর্তা।
শাহীন কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকার সুলতান রুমীর ছেলে।
রোববার কুষ্টিয়ার এসপি শাহাবুদ্দিন খান তার গ্রেপ্তারের খবর নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহীনের বিরুদ্ধে কুষ্টিয়া সদর, মিরপুর, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমারখালী ও ঝিনাইদহের শৈলকুপা থানায় ১৫টি হত্যা, দুটি চাঁদাবজির মামলা এবং আটটি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।
বনগাঁ পুলিশের ওই কর্মকর্তা ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচপোতা গ্রামের আকাইল নামের এক ব্যক্তির বাড়িতে বাংলাদেশি এক সন্ত্রাসী আছে- এ খবরের ভিত্তিতে ভারতীয় সময় রাত আড়াইটার দিকে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ।
ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, তাদের কাছে খবর ছিল শাহীন নামের বাংলাদেশি এ ব্যক্তি প্রায় সীমান্ত এলাকায় যেতেন এবং মোবাইল ফোনে বাংলাদেশে তার লোকজনের মাধ্যমে চাঁদাবাজি করতেন।
শাহীনকে বনগাঁ পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে তিনি জানান।
২০০৮ সালের মার্চে শাহীন একবার ভারতের নদীয়া জেলা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। সেবার জামিনে বেরিয়ে আসেন।
গত বছরের ২১ নভেম্বর শাহীনের সহযোগী গণমুক্তি ফৌজের আরেক শীর্ষ নেতা আমিনুল ইসলাম মুকুল বনগাঁ পুলিশের হাতে গ্রেপ্তার হন। বর্তমানে তিনি সেখানে কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৯ ঘ.
bdnews24