২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিন্টুকে কারাফটকে জেরার আবেদন পরিবারের

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুকে রিমান্ডে না নিয়ে কারাফটকে জিজ্ঞাসাবাদ করতে সরকারের প্রতি আবেদন জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2010, 03:19 PM

Updated : 24 Aug 2022, 08:18 PM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুকে রিমান্ডে না নিয়ে কারাফটকে জিজ্ঞাসাবাদ করতে সরকারের প্রতি আবেদন জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে পিন্টুর দুই মেয়ে নুর দিদা বিনতে সালাম (পূনি) ও সাফওয়াত বিনতে সালাম (সাবা) এ আবেদন জানান। পিন্টুর বড় মেয়ে পূনি বলেন, ''বাবা বর্তমান সরকারের প্রতিহিংসার শিকার। একের পর এক মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে মিথ্যা জবানবন্দি আদায়ের জন্য বাবার ওপর অমানবিক ও নিষ্ঠুর নির্যাতন চালানো হচ্ছে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।" ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত পিন্টুর সুচিকিৎসার ব্যবস্থা করতে সরকারের কাছে দাবী জানান তিনি। বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে পূনি বলেন, ন্যায় বিচার পেলে বাবা নিশ্চয়ই নির্দোষ প্রমাণিত হয়ে বেকসুর খালাস পাবেন। ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় ২০০৮ সালের ১৭ জানুয়ারি গ্রেপ্তার হন পিন্টু । ২০০৯ সালে মামলাটি পুনঃতদন্তের পর বর্তমান সরকারের আমলে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয় তাকে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সানাউল্লাহ মিয়া, শিক্ষক নেতা সেলিম ভূঁঁইয়া, বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, কৃষক দলের যুগ্ম সম্পাদক শাহজাহান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমইউএস/এইচএ/২১০৬ ঘ.