চাঁদপুর, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের দেওয়া সতর্কতায় বৃহস্পতিবার ঢাকার বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের পর শুক্রবার বিমানমন্ত্রী জানিয়েছেন, সেখানে হামলার আশঙ্কা নেই।
শুক্রবার বিকালে চাঁদপুর সার্কিট হাউসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী গোলাম মোহাম্মদ (জিএম) কাদের সাংবাদিকদের বলেন, "যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে বৃহস্পতিবার বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কা জানানো হয়।"
"এখন সেই আশঙ্কা নেই। আমরা নিরাপদে আছি," জানিয়ে গোলাম কাদের বলেন, "কেউ যেন অস্ত্র বা গোলাবারুদ নিয়ে বিমানবন্দরে ঢুকতে না পারে সে ব্যাপারে আমরা সতর্ক ছিলাম।"
বিমান ছিনতাই ও নাশকতার আশঙ্কায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ঢাকার শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়।
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয় শুক্রবার সকালে।
শুক্রবার বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবরে বলা হয়, বিমান ছিনতাইয়ের বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই'র একটি সতর্কবার্তা পাওয়ার পর নিরাপত্তা জোরদার করা হয়।
দুদিন আগে বুধবার এক ব্যক্তি জিহাদের কথা বলে সংসদ ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেন।
গোলাম কাদের জানান, যুদ্ধাপরাধীদের বিচার জাতীয় পার্টি (জাপা) সমর্থন করে।
তিনি বলেন, "ক্ষমতার ভাগাভাগির জন্য আমরা মহাজোটে আসিনি। আওয়ামী লীগের সঙ্গে আমাদের অনেক দিক দিয়েই মিল রয়েছে বলেই জোট করেছি।"
এর আগে মন্ত্রী একই স্থানে জেলা জাতীয় পার্টির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/পিডি/২০০৩ ঘ.
bdnews24