বাগেরহাট, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট ভূমি অফিসের কর্মচারীদের মাসিক বেতনের টাকা বুধবার ব্যাংক থেকে তোলার পর প্রতারক চক্র হাতিয়ে নিয়েছে।
শহরের রেলরোড এলাকায় সোনালী ব্যাংক বাগেরহাট শাখায় এ ঘটনা ঘটে।
ব্যাংকে স্থাপিত ক্লোজ সার্কিট ক্যামেরা থেকে প্রতারক চক্রের অন্তত তিনজনকে সনাক্ত করেছে পুলিশ। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বাগেরহাট ভূমি অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী (এমএলএসএস) সাইফুর রহমান বলেন, দুপুর ১২টার দিকে তিনি ভূমি অফিস থেকে দেওয়া ৭৯ হাজার চারশ টাকার চেক নিয়ে ব্যাংকে যান। চেকটি জমা দিয়ে ক্যাশ কাউন্টার থেকে সব টাকা বুঝে নিয়ে কাউন্টারেই দাঁড়িয়ে তিনি টাকা গুনছিলেন। এ সময় ওখানে বেশ ভিড় ছিল।
ঠিক তখনই অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তাকে বলে, "ভাই আপনার টাকা মেঝেতে পড়ে গেছে।"
তার কথামতো নিচের দিকে তাকাতেই কে বা কারা কাউন্টারের সামনে রাখা সব টাকা নিয়ে সটকে পড়ে।
ব্যাংকে ব্যবস্থাপক পরিমলেন্দু কুমার নাথ টাকা খোয়া যাওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভূমি অফিসের এমএলএসএস সাইফুর তাদের ঘটনাটি জানালে তারা পুলিশে খবর দেন এবং সিসি ক্যামেরা থেকে ঘটনার হোতাদের সনাক্ত করার চেষ্টা করেন।
পুলিশ সিসি ক্যামেরার ভিডিও চিত্র দেখে অন্তত তিনজনকে সনাক্ত করেছে।
বাগেরহাটের সহকারী কমিশনার (ভূমি) মিলিয়া শারমীন বলেন, বুধবার এমএলএসএস সাইফুর রহমানকে চেক দিয়ে ভূমি অফিসের এলপিআরে যাওয়া দুইজনসহ মোট নয়জন কর্মচারীর বেতনের ৭৯ হাজার চার শত টাকা তুলতে দেওয়া হয়েছিল।
এই ঘটনায় ভূমি অফিসের নাজির রকিবুল ইসলাম বাদী হয়ে বাগেরহাট থানায় মামলা করবেন বলে তিনি জানান।
বাগেরহাট সদর থানার ওসি শাহিদুল ইসলাম শাহীন বলেন, "প্রাথমিকভাবে আমরা প্রতারকদের সনাক্ত করতে পেরেছি। ব্যাংক থেকে অন্তত তিনজন প্রতারকের ছবি পুলিশকে দেওয়া হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৫ ঘ.
bdnews24