ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলশানের কালাচাঁদপুরে কথিত প্রেমিকার বাবা-মা হত্যাকারী রুবেলের সহযোগী মিথুন ও বাবু আদালতে খুনের ঘটনা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
সোমবার বিকালে তারা ঢাকার মহানগর হাকিম মো. মোয়াজ্জেম হোসেন এবং এস কে এম তোফায়েল হাসানের খাস কামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এরপর তাদের কারাগারে পাঠানো হয়।
মিথুন চন্দ্র দে এবং নাজমুল ইসলাম বাবু হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সংশ্লিষ্ট আদালতের পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা উপপরিদর্শক খন্দকার এখলাসুর রহমান।
এ মামলার আরেক আসামি রুবেলের বোনের স্বামী মহিউদ্দিন আজাদ রাব্বীকেও সোমবার হেফাজত শেষে কারাগারে পাঠানো হয়।
রুবেল গত ১ এপ্রিল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আরেক হাকিমের কাছে।
গত ২৪ মার্চ রুবেল তার সহযোগীদের নিয়ে কালাচাঁদপুরের ব্যবসায়ী সাদিকুর রহমান ও তার স্ত্রী রোমানা নারগিসকে গুলি করে হত্যা করেন।
তাদের মেয়ে ইতিকে রুবেলের সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় এ ঘটনা ঘটানো হয় বলে তদন্তে জানা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৯৫৫ ঘ.
bdnews24