২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'খামারীদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত করাতে হবে'

খামারীদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত করাতে প্রযুক্তিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2010, 12:08 PM

Updated : 24 Aug 2022, 08:10 PM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খামারীদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত করাতে প্রযুক্তিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। তিনি বলেছেন, কৃষিভিত্তিক বাংলাদেশে কৃষির উন্নয়নে কৃষকরা উন্নত প্রযুক্তি নিতে প্রস্তুত। সরকারের কাজ হলো উন্নত প্রযুক্তি ও তথ্য তাদের কাছে পৌঁছে দেয়া। মন্ত্রী বলেন, আমাদের খামার শিল্পে এখনো উন্নত প্রযুক্তির বিস্তার হয়নি। এ শিল্পে উন্নত প্রযুক্তি ব্যবহারের সুযোগ রয়েছে। এ জন্য খামারীদেরকে প্রযুক্তির সঙ্গে পরিচিত করাতে হবে। রাজধানীর হোটেল শেরাটনে রোববার তিনদিনব্যাপী 'এগ্রিটেক বাংলাদেশ, ২০১০' শীর্ষক বাণিজ্য প্রদর্শণীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। রহিম আফরোজের সহায়তায় বাংলাদেশ এগ্রিকালচার মেশিনারিজ মার্চেন্ট এসোসিয়েশন ও নেট এক্সিবিশন যৌথভাবে এ প্রদর্শণীর আয়োজন করেছে। নেট এক্সিবিশনের ব্যবস্থাপনা পরিচালক হালিমা শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এগ্রিকালচার মেশিনারিজ মার্চেন্ট এসোসিয়েশন সভাপতি গিয়াস উদ্দিন খোকন, নার্সারী ওনার্স এসোসিয়েশন সভাপতি এমএ হাকিম, রহিম আফরোজ এনার্জির ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার মিজবাহ মঈন। মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেন, 'ডিজিটাল বাংলাদেশের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো কৃষিকে ডিজিটালাইজ করা। ডিজিটাল সুবিধাদি কৃষকের কাছে পৌঁছে দেয়া। বিশ্বব্যাপী কৃষি প্রযুক্তি অনেক দূর এগিয়েছে। এর মাধ্যমে তারা তাদের উৎপাদন খরচ কমিয়ে লাভের অংশ বাড়াতে সক্ষম হয়েছে। কৃষকের পাশাপাশি সমষ্টিগতভাবে দেশের মানুষ লাভবান হচ্ছে। প্রবৃদ্ধির চাকা ঘুরছে। প্রদর্শণী বা ট্রেড শো আয়োজনের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, শুধু ঢাকা কেন্দ্রিক নয়, দেশের বিভিন্ন শহরে এ ধরনের প্রদর্শণীর আয়োজন করতে হবে। ডিজিটাল বাংলাদেশ গড়তে কৃষিকে ডিজিটাল নেটওয়ার্কের মধ্যে আনতে হবে। নতুন প্রযুক্তি ব্যবহার করে কৃষির আধুনিকায়ন করতে হবে। তিনি বলেন, আমাদের দেশে পশু-খামার শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ শিল্পের প্রযুক্তির সঙ্গে খামারীরা পরিচিত নন। তাদেরকে এ প্রযুক্তির সঙ্গে পরিচিত করে তুলতে হবে। তাদের জন্যও পৃথকভাবে প্রদর্শণীর আয়োজন করা যেতে পারে। এতে আমাদের উন্নয়ন আরো সহজ ও গতিশীল হবে। পরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস হোটেলের উইন্টার গার্ডেনে ফিতা কেটে প্রদর্শণীর উদ্বোধন করেন। তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন। প্রদর্শণীতে বাংলাদেশী ২৯টি এবং বিদেশী ১২টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। অংশ নেয়া দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, থাইল্যান্ড, চীন, কানাডা, সুইডেন, সুইজারল্যান্ড ও জার্মানি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/সিআর/কেএমএস/১৭৫২ঘ.