২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডেনমার্কের কাছে 'স্টেলা মুন' হস্তান্তর

ডেনমার্কের জন্য বাংলাদেশে নির্মিত কন্টেইনারবাহী জাহাজ 'স্টেলা মুন' শনিবার হস্তান্তর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2010, 04:16 PM

Updated : 24 Aug 2022, 08:07 PM

চট্টগ্রাম, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেনমার্কের জন্য বাংলাদেশে নির্মিত কন্টেইনারবাহী জাহাজ 'স্টেলা মুন' শনিবার হস্তান্তর করা হয়েছে। দুপুরে চট্টগ্রাম ড্রাইডকে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান ও জাহাজ নির্মাণকারী আনন্দ শিপ ইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বারী ডেনমার্কের স্টেলা শিপিং কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে জাহাজটি হস্তান্তর করেন। স্টেলা শিপিংয়ের পক্ষে ক্যাপ্টেন মাইকেল সরেনসেন জাহাজটি বুঝে নেন। ২৯ হাজার টন ধারণক্ষমতা সম্পন্ন এ জাহাজের দৈর্ঘ্য ৮১ দশমিক ৩৫ মিটার ও প্রস্থ ১৩ দশমিক ১৫ মিটার। এতে একবারে ১০৪টি কন্টেইন্টার বহন করা যাবে। এটি ডেনমার্কের জন্য বাংলাদেশে নির্মিত দ্বিতীয় কন্টেইনারবাহী বিশেষায়িত জাহাজ। আনন্দ শিপ ইয়ার্ড এর আগে ডেনমার্কে একটি ও মোজাম্বিকে ছয়টি কন্টেইনারবাহী জাহাজ রপ্তানি করেছে। হস্তান্তর অনুষ্ঠানে নৌ-পরিবহনমন্ত্রী বলেন, জাহাজ নির্মাণ শিল্পকে সমৃদ্ধ করতে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ। চট্টগ্রাম চেম্বারের সভাপতি সাংসদ এম এ লতিফ, ডেনমার্কের কূটনীতিক মোলার হ্যানসেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান হাওলাদার, চট্টগ্রাম ড্রাইডকের ব্যবস্থাপনা পরিচালক এনামুল বাকী, আনন্দ শিপ ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা বারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আনন্দ শিপ ইয়ার্ডের ব্যবস্থাপক (প্রশাসন) মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাহাজটি নির্মাণে ৭৫ লাখ মার্কিন ডলার খরচ হয়েছে। তিনি আরও জানান, এ নিয়ে গত দুই বছরে নারায়ণগঞ্জের সোনরগাঁওয়ে মেঘনা ঘাট এলাকায় আনন্দ শিপ ইয়ার্ডে আটটি কন্টেইনারবাহী জাহাজ নির্মিত হয়েছে। বর্তমানে জার্মানির জন্য ১২টি কন্টেইনারবাহী জাহাজ নির্মাণের কাজ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/২২০৬ ঘ.