ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলশানে জোড়া খুনের মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেলোয়ার হোসেন দীপু ওরফে বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
রোববার ঢাকার মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার খান জিজ্ঞাসাবাদের এ আদেশ দেন।
হেফাজতের এ আদেশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) খন্দকার এখলাসুর রহমান।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান জিজ্ঞাসাবাদের জন্য দীপুকে ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেন।
গত বুধবার গুলশানের কালাচাঁদপুরের বাসায় মেয়ের কথিত প্রেমিক রুবেল ও তার সঙ্গী মিথুনের গুলিতে ব্যবসায়ী সাদিকুর রহমান ও তার স্ত্রী রোমানা নার্গিস নিহত হন বলে পুলিশ জানায়।
রিমান্ড আবেদনে বলা হয়, দীপু মূল আসামি রুবেলের বন্ধু। হত্যার ঘটনার সঙ্গে জড়িত বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তার অপর সহযোগীদের গ্রেপ্তারের জন্য তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তাকে শনিবার গাজীপুরের টঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এদিকে এ মামলায় রোববার সকালে ঝালকাঠি থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে দুই মূল সন্দেহভাজন রুবেল ও মিথুন চন্দ্র দাস রয়েছে। এ ঘটনায় রুবেলের ভগ্নিপতি রাব্বীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/১৯৪২ ঘ.
bdnews24