২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঞ্চনা এখনো কাটেনি বেলাল মোহাম্মদের

অবসর গ্রহণের ১৬ বছর পরও ন্যায্য অবসরভাতা পাননি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম স্থপতি বেলাল মোহাম্মদ, যদিও এরই মধ্যে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2010, 09:05 AM

Updated : 24 Aug 2022, 07:57 PM

প্রদীপ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকার স্বীকৃতি স্বরূপ এ বছর ন্বাধীনতা পুরস্কার পেয়েছেন, পদোন্নতির মামলায় আদালতের রায় পেয়েছেন; কিন্তু অবসর গ্রহণের ১৬ বছর পরও ন্যায্য অবসরভাতা পাননি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম স্থপতি বেলাল মোহাম্মদ। জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকার করে বিবৃতি না দেওয়ায় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া পদোন্নতি বিষয়ক ফাইলে স্বাক্ষর করেননি বলে তিনি অভিযোগ করেন। বেলাল মোহাম্মদ একাত্তরে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে চট্টগ্রাম বেতারের স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করতেন। স্বাধীনতার প্রথম প্রহরে কালুরঘাটে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণা প্রচারের ব্যবস্থা করে এক দুঃসাহসিক কাজ করেছিলেন তিনি। ২৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে অনুভূতি প্রকাশ করতে গিয়ে ৭৫ বছর বয়সী বেলাল মোহাম্মদ তুলে ধরেন তার বঞ্চনার কাহিনীও। মুজিবনগর সরকারে ১৯৭১ সালের ১ জুন বেতারের সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পান বেলাল। '৭৬ সালের ১৬ জুলাই পদোন্নতি পেয়ে উপ-পরিচালক হন। একই পদে প্রায় ১৮ বছর কর্মরত থেকে '৯৪ সালের ১ এপ্রিল অবসর গ্রহণ করেন। স্বাধীন বাংলা বেতারের এ সৈনিক বলেন, ১৯৮২ সালের ৪ সেপ্টেম্বর তার অধস্তন সহকর্মীকে পদোন্নতি দিয়ে পরিচালক করা হয়। যদিও নিয়মমাফিক তারই ওই পদ পাওয়ার কথা ছিলো। পদোন্নতির দাবিতে প্রশাসনিক আদালতে মামলা করেন বেলাল মোহাম্মদ। ১৯৮৯ সালে মামলায় জয়ী হন তিনি। রায়ে তাকে জ্যেষ্ঠ নির্ধারণের পাশাপাশি তার পদোন্নতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বেলাল বলেন, "রায় ঘোষণার পর '৯৩ সালের ২৮ মার্চ ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটি বা ডিপিসি আমাকে ভূতাপেক্ষ অর্থাৎ ১৯৮২ সালের ৪ সেপ্টেম্বর থেকে পদোন্নতি দিতে একটি সামারি তৈরি করে। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ওই সামারিতে স্বাক্ষর না করায় আমি সেই পদোন্নতি পাইনি। সামারি যাওয়ার পর প্রধানমন্ত্রীর সেক্রেটারি কামাল সিদ্দিকী, বেতারের মহাপরিচালক শামসুজ্জামানসহ অনেকেই আমাকে অগ্রিম অভিনন্দন জানিয়েছিলেন।" ওই সামারিতে খালেদা জিয়ার সাক্ষর না করার কারণ কী বলে মনে করেন- জানতে চাওয়া হলে বেতারের সাবেক এ কর্মকর্তা বলেন, "আমার উদ্যোগে প্রতিষ্ঠিত কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জাতির জনকের স্বাধীনতা ঘোষণা প্রচারের আমি একজন প্রত্যক্ষদর্শী। বিএনপি সরকারের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে দিয়ে বলাতে চেয়েছিলেন জিয়াউর রহমান নিজেই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। কিন্তু বানোয়াট কাহিনী স্বীকার না করার অপরাধে আমার পদোন্নতির সামারিতে সই করা হয়নি।" এ বিষয়ে যোগাযোগ করা হলে বাংলাদেশ বেতারের সাবেক এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাটি নির্মম হলেও সত্য। আসলে বেলাল মোহাম্মদের সঙ্গে এক রকম অন্যায়ই করা হয়েছে। বিএনপি সরকার তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছে। তার মতো একজন যোগ্য লোককে এখনো রেডিওতে রিসোর্স পারসন বা উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হলে অনুষ্ঠান এবং উপস্থাপনার মান উন্নয়নে সহায়ক হবে।" বেলাল মোহাম্মদ বলেন, "ব্রিটিশ আমল থেকে এ ধরনের সামারি নথি সরকার প্রধান কর্তৃক অমীমাংসিত রেখে দেওয়ার নজির দ্বিতীয়টি নেই। তাই এই ঘটনা নিষ্পত্তি হলে পূর্ব নজির হিসেবেও গণ্য হবে না। তাছাড়া অবসরপ্রাপ্তির অজুহাতে আমার পাওনা তামাদি হওয়ারও কোনো সুযোগ নেই।" তিনি জানান, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিষয়টি সুরাহার জন্য প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেও কোনো কাজ হয়নি। মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি মহাজোট সরকার গঠনের পর গত বছর আবারো আবেদন করেছেন। তবে গত এক বছরেও কোনো আগ্রগতি নেই। তিনি বলেন, "অর্থের প্রতি আমার কোনো মোহ নেই। আমি আমার প্রাপ্য সম্মানটুকু নিয়ে অবসর জীবনটা অতিবাহিত করতে চাই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৪৪৫ ঘ.