২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়োজনে আদালতের সংখ্যা বাড়বে: আইনমন্ত্রী

একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে গঠিত আদালতের সংখ্যা প্রয়োজনে বাড়ানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2010, 10:39 AM

Updated : 24 Aug 2022, 07:55 PM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে গঠিত আদালতের সংখ্যা প্রয়োজনে বাড়ানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি বলেছেন, গঠিত তদন্ত সংস্থা, বিচারক ও আইনজীবীরা আগামী সোমবারই কাজ শুরু করবেন। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারে তিন সদস্যের বিচারক প্যানেল, সাত সদস্যের তদন্তকারী সংস্থা ও ১২ সদস্যের আইনজীবী প্যানেল গত বৃহস্পতিবার ঘোষণা করে সরকার। শনিবার রাজধানীর আইডিবি মিলনায়তনে শিশু আইন বিষয়ক এক কর্মশালায় আইনমন্ত্রী বলেন, বিচারক প্যানেল, তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেল সোমবার থেকে তাদের কাজ শুরু করবে। "ট্রাইব্যুনালের সদস্যরা তদন্ত সংস্থা এবং আইনজীবীদের সঙ্গে আলোচনা করে কোনো বিষয়ে সহায়তা প্রয়োজন হলে তা দেবে।" "তদন্তের পর যদি দেখা যায় আরো ট্রাইব্যুনাল এবং আইনজীবীর প্রয়োজন হচ্ছে, তাহলে একাধিক ট্রাইব্যুনাল হবে; আইনজীবীর সংখ্যাও বাড়বে", বলেন তিনি। যুদ্ধাপরাধীদের বিচারে স্বচ্ছতা নিয়ে প্রধান বিরোধী দল বিএনপির প্রশ্ন তোলার প্রেক্ষাপটে শফিক বলেন, "কোনো কোনো দলের নেতৃবৃন্দ বিভ্রান্তি তৈরি করছে। আমরা শুরু থেকেই বলে এসেছি রাজনৈতিক উদ্দেশে কারো বিচার করা হবে না। একাত্তরে যারা দখলদার বাহিনীর সহায়তাকারী হিসেবে মানবতার বিরুদ্ধে অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ করেছে তাদেরই বিচার হবে।" একমাত্র পাকিস্তান ছাড়া বিশ্বের সব দেশ যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেওয়ায় বাংলাদেশকে সমর্থন করেছে দাবি করে মন্ত্রী বলেন, "পাকিস্তান বিভ্রান্তির চেষ্টা করে ব্যর্থ হয়েছে।" যুদ্ধাপরাধে অভিযুক্ত ব্যক্তি বিদেশি কোনো আইনজীবী নিয়োগ করতে পারবে কি না- সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, "বিদেশি আইনজীবী নিয়োগ করা যাবে। তবে এ জন্য বার কাউন্সিলের অনুমতি লাগবে।" অপরাজেয় বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক ওয়াহিদা বানুর সভাপতিতে অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিচারপতি ইমান আলী। বক্তব্য রাখেন সংসদ সদস্য সাহিদা তারেক দীপ্তি ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমইউএস/এমআই/১৬৩৩ ঘ.