আল আমীন দেওয়ান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পাইকারি বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমলেও এর সুবিধা পাচ্ছে না ভোক্তারা।
পাইকারদের দাবি, গত একমাসে আন্তর্জাতিক বাজারে চাল, গম, মসুর ডাল, পামতেল, রসুন, আদাসহ প্রায় সব পণ্যেরই দাম কমায় স্থানীয় পাইকারি বাজারেও দাম কমেছে। এর প্রভাব খুচরা বাজারেও পড়ার কথা।
কিন্তু শুক্রবার খুচরা বাজার ঘুরে দামের বেশ ফারাক দেখা যায়। খুচরা বিক্রেতারা বলছেন, তারা আগে কেনা পণ্য বিক্রি করায় দাম কম রাখতে পারছেন না।
চট্টগ্রামের খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে স্থানীয় বাজারেও নিত্যপণ্যের দাম কমেছে।"
দেশের অন্যতম বড় পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জে চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০ থেকে ৪১ টাকায়। কিন্তু খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৪৬ থেকে ৪৮ টাকায়।
সরকারের সার্বক্ষণিক পর্যবেক্ষণ না থাকায় ভোক্তারা দাম কমার সুবিধা পাচ্ছে না বলে মাহবুব মন্তব্য করেন।
ফেব্র"য়ারির শুরুতে খাতুনগঞ্জে প্রতি কেজি চিনি বিক্রি হয়েছে ৫৪ টাকায়। তখন খুচরা ব্যবসায়ীরা বিক্রি করতেন ৫৬ টাকায়। দেড়মাসের ব্যবধানে পাইকারি বাজারে চিনির দাম ১৪ টাকা কমলেও খুচরা বাজারে কমেছে আট টাকা। চালের বাজারেও একই চিত্র।
চাক্তাই ধান-চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাইকারি বাজারে দাম বাড়লে খুচরা ব্যবসায়ীরা তাৎক্ষণিক দাম বাড়িয়ে দেয়। কিন্তু দাম কমলে আর কমায় না।"
এ বছরের জানুয়ারি-ফেব্র"য়ারি মাসে আন্তর্জাতিক বাজারে দাম কমার পর স্থানীয় পাইকারি বাজারে মোটা চাল (বেতি) বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৪ টাকা ৩০ পয়সা থেকে সর্বোচ্চ ২৭ টাকায়। মিনিকেট ২৯ ও পাইজাম ৩০ টাকা ৪০ পয়সায় বিক্রি হচ্ছে।
কিন্তু নগরীর খুচরা বাজারের মধ্যে সবচেয়ে বড় রিয়াজউদ্দিন বাজারে মোটা চাল কেজি প্রতি ২৮ থেকে ৩২ টাকা, মিনিকেট ৩৫ ও পাইজাম ৩৬ টাকায় বিক্রি হতে দেখা যায়। কাজীর দেউরী ও কর্ণফুলী বাজারে এর দাম আরো ১ থেকে ২ টাকা বেশি।
একইভাবে পাইকারি বাজারে গম, মসুর ডাল, পামতেল, রসুন, আদার দাম কমলেও খুচরা বাজারে সে হারে কমেনি। খুচরা ব্যবসায়ীরা বেশি লাভ করছেন বলে অভিযোগ করেন পাইকাররা।
তবে সে অভিযোগ প্রত্যাখ্যান করে কর্ণফুলী বাজারের মজুমদার স্টোরের মো. আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খুচরা ব্যবসায়ীরা একসঙ্গে এক-দুই সপ্তাহের পণ্য কেনে। ফলে পাইকারি বাজারে দ্রুত দাম কমলেও খুচরা বাজারে তার প্রভাব পড়তে সময় লাগছে।"
পাইকারি ও খুচরা বাজারে দামের ফারাক কমাতে সরকারিভাবে বাজার পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর চট্টগ্রামের সভাপতি এসএম নাজের হোসাইন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাইকারি বাজারে দাম কমলেও খুচরা ব্যবসায়ীদের সিন্ডিকেট করে দাম কমাচ্ছে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এমইউএস/এমআই/১৪৫৫ ঘ.
bdnews24