২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়লা খনি শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

বেতন বাড়ানো নিয়ে সমঝোতার পর ধর্মঘট প্রত্যাহার করেছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2010, 04:40 AM

Updated : 24 Aug 2022, 07:56 PM

মোর্শেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি দিনাজপুর, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন বাড়ানো নিয়ে সমঝোতার পর ধর্মঘট প্রত্যাহার করেছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা। আন্দোলনের নেতা, বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম শনিবার সাংবাদিকদের বলেন, শনিবার দুপুর ১২টা থেকে তারা কাজে যোগ দিচ্ছেন। এর আগে শুক্রবার রাতে জেলা প্রশাসনের মধ্যস্থতায় খনি শ্রমিক, খনি কর্তৃপক্ষ এবং খনি পরিচালনাকারী চীনের ঠিকাদারি প্রতিষ্ঠানের ত্রিপক্ষীয় বৈঠক হয়। সেখানে শ্রমিকদের বেতন ২২ শতাংশ বাড়ানোর বিষয়ে মতৈক্য হয়। খনিতে কর্মরত ১ হাজারের বেশি বাংলাদেশি শ্রমিক গত সোমবার রাত থেকে ধর্মঘট শুরু করে। বৃহস্পতিবার জ্বালানি প্রতিমন্ত্রী মো. এনামুল হকের নেতৃত্বে সরকারের প্রতিনিধি দলের সঙ্গে শ্রমিকদের বৈঠক হলেও তা ভেস্তে যায়। এরপর শ্রমিকরা সড়ক ও রেলপথ অবরোধ এবং বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে রাখে। এ পরিস্থিতিতে শুক্রবার আবার বৈঠকের তোড়জোড় শুরু হয়। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, "গতকাল (শুক্রবার) বিকাল ৩ টা থেকে আলোচনার তৎপরতা শুরু হয়। সন্ধ্যা ৭টায় বৈঠক শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত তা চলে। এতে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি শ্রমিকদের বেতন ২২ শতাংশ বাড়াতে রাজি হয়।" এরপর শনিবার ভোরে আন্দোলনরত শ্রমিকরা তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। বৈঠকে বাংলাদেশে চীনা দূতাবাসের কর্মকর্তারাসহ দিনাজপুরের জেলা প্রশাসক আব্দুল জলিলসহ প্রশাসনিক কর্মকর্তারাও ছিলেন। শ্রমিক নেতা নূরুল ইসলাম সাংবাদিকদের বলেন, "সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কয়লা খনি সচল রাখার স্বার্থে ২২ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব আমরা মেনে নিয়েছি।" শ্রমিক নেতারা জানান, ২০০৮ সালে বিসিএমসিএল, সিএমসি ও শ্রমিকদের ত্রি-পক্ষীয় বৈঠকে একটি চুক্তি হয়। সে অনুযায়ী প্রতিবছর ফেব্র"য়ারি মাসে আলোচনার মাধ্যমে শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর কথা। কিন্তু এবার বারবার তাগিদ দেওয়ার পরও কর্তৃপক্ষ সাড়া না দেওয়ায় তারা ধর্মঘটে যান। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়ায় কয়লার সন্ধান পাওয়া যায় ১৯৮৫ সালে। '৯০ এর দশকে সেখানে কয়লা উত্তোলন শুরু হয়। ওই খনির বার্ষিক উৎপাদন ১০ লাখ টন বিটুমিনাস কয়লা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০১০ ঘ.