২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়ায় শ্রমিকদের সড়ক-রেলপথ অবরোধ

জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের দিনভর দফায় দফায় বৈঠকের পরও বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকদের কর্মবিরতির অবসান হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2010, 05:59 PM

Updated : 24 Aug 2022, 07:51 PM

দিনাজপুর, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের দিনভর দফায় দফায় বৈঠকের পরও বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকদের কর্মবিরতির অবসান হয়নি। সমঝোতা বৈঠক ব্যর্থ হওয়ায় মন্ত্রীসহ প্রতিনিধি দলটি বড়পুকুরিয়া থেকে চলে যাওয়ার পর বিক্ষুদ্ধ শ্রমিকরা বৃহস্পতিবার রাত ১০টা থেকে ঐ এলাকার সড়ক ও রেলপথ অবরোধের নতুন কর্মসূচি শুরু করেছে। বেতন বাড়ানোর দাবিতে সোমবার রাত থেকে বড়পুকুরিয়া কয়লা খনির এক হাজারেরও বেশি বাংলাদেশি শ্রমিক অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে। তারা বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিঃ (বিসিএমসিএল) এর কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে রাখে। শ্রমিকরা লাঠিসোটা নিয়ে খনির সব গেটে অবস্থান নিয়ে প্রবেশপথ বন্ধ করে দেয়। মঙ্গলবার দুপুরে বিসিএমসিএল'র একটি গাড়ি খনি ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে গাড়ির ধাক্কায় তিনজন শ্রমিক আহত হন। এ ঘটনায় বিক্ষুদ্ধ শ্রমিকরা গাড়িতে থাকা সহকারী ব্যবস্থাপক মো. সানাউল্লাহ ও গাড়ী চালক রফিকুল আলমকে মারধর করেন। এরপর থেকে আন্দোলন অশান্ত হয়ে উঠতে থাকে। অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা খাদ্য সহায়তা চেয়ে বুধবার দিনাজপুর রেডক্রিসেন্টের কাছে আবেদন জানান। ক্রমেই পরিস্থিতির অবনতি ঘটায় বৃহস্পতিবার জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, জ্বালানি মন্ত্রণালয়ের সচিব মেজবাহউদ্দিন, পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর, পেট্রোবাংলার পরিচালক (অপারেশন) মোল্লা মবিরুল হোসেন বেলা ৩ টায় বড়পুকুরিয়া কয়লা খনিতে আসেন। তারা প্রথমে চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান সিএমসি-এক্সএমসি কনসোর্টিয়াম কর্তৃপক্ষের সঙ্গে প্রায় দেড় ঘন্টা বৈঠক করেন। এরপর তারা বিসিএমসিএল কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকে বসেন। সন্ধ্যা ৭টায় আন্দোলনরত শ্রমিক কর্মচারী ইউনিয়নের ১৫ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। প্রায় আড়াই ঘন্টাব্যাপী বৈঠকে কোনো সমঝোতা না হওয়ায় প্রতিমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলটি রাত সাড়ে ৯ টায় খনি ক্যাম্পাস ত্যাগ করে। বিসিএমসিএল'র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈঠকে জ্বালানি প্রতিমন্ত্রী শ্রমিক নেতাদের আশ্বাস দেন যে, ২০১১ সালে কণ্ট্রাক্ট শেষ হলে নতুন কণ্ট্রাক্ট এর সময় মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের শ্রমিকদের চেয়ে বেশী বেতন দেওয়া হবে। চীনা কর্তৃপক্ষ সরকারের অনুরোধে ১৫শতাংশ বেতন বাড়াতে রাজি হয়। কিন্তু শ্রমিকরা আরো বেশী বেতনের দাবীতে অনড় থাকলে আলোচনা ব্যর্থ হয়। এদিকে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নুর ইসলাম ও কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম রতন এমডির বক্তব্যের সত্যতা স্বীকার করে বলেন, কর্তৃপক্ষ আমাদের দাবী পাশ কাটিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছে। তিনি আরো জানান, গত ৩ ফেব্র"য়ারি দিনাজপুর জেলা প্রশাসকের সভাপতিত্বে আলোচনায় প্রতিবছর ফেব্র"য়ারি মাসে দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়। কিন্তু সে চুক্তির বরখেলাপ করা হয়েছে। চুক্তি বাস্তবায়ন এবং বেতন বৃদ্ধির দাবী না মানা পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে বিসিএমসিএল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি হাবিব উদ্দিন আহমেদ বলেন, তাদের কর্মকর্তা এবং গাড়ী চালককে মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে বিসিএমসিএল এর সব কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতি পালন করেন। পরে বিকালে প্রতিমন্ত্রীর অনুরোধ ও আশ্বাসে তারা কর্মবিরতি প্রত্যাহার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৫০ ঘ.