২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত কারখানার বিরুদ্ধে মামলার নির্দেশ

পরিবেশ ছাড়পত্র ও বর্জ্য শোধনাগার (ইটিপি) না থাকায় গাজীপুরের কালিয়াকৈরের সাতটি পোশাক কারখানার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2010, 04:08 PM

Updated : 24 Aug 2022, 07:51 PM

গাজীপুর, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পরিবেশ ছাড়পত্র ও বর্জ্য শোধনাগার (ইটিপি) না থাকায় গাজীপুরের কালিয়াকৈরের সাতটি পোশাক কারখানার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত কারখানাগুলোতে অভিযান চালায়। আদালতের বিচারক জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান তালুকদার কারখানাগুলোর বিরুদ্ধে থানা ও পরিবেশ আদালতে নিয়মিত মামলা করার জন্য পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেন। এসব কারখানা হলো- আর এল লিমিটেড, আর এল ইয়ার্ন ডায়িং লিমিটেড, লুপ নিটওয়্যার লিমিটেড, ডং বাং ডায়িং লিমিটেড, সাউথ-ওয়েস্ট কম্পোজিট লিমিটেড, তাওয়েল টেক্স লিমিটেড ও আর এস নিট কম্পোজিট লিমিটেড। পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (ঢাকা বিভাগ) সুকুমার বিশ্বাস সাংবাদিকদের জানান, বারবার নোটিশ দেওয়ার পরও ইটিপি স্থাপন না করায় এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নেওয়ায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দিয়েছে আদালত। তিনি জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৪, ৯ ও ১২ লঙ্ঘনের অপরাধে স্থানীয় থানা ও পরিবেশ আদালতে এ সাতটি কারখানার বিরুদ্ধে মামলা করা হবে। এছাড়া বৃহস্পতিবার শব্দ ও পানি দূষণের অভিযোগে স্থানীয় সিনটেক্স নিট ওয়্যার লিমিটেডসহ দুটি কারখানাকে নোটিশ দেওয়া হয়েছে। অভিযানে আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ নাজমুল হুদা, মো. ইউসুফ আলী ও পরিদর্শক মাহবুবুর রহমান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৩ ঘ.