ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম)- কর ফাঁকির অভিযোগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল জলিলের বিরুদ্ধে করা মামলার অভিযোগ গঠনের জন্য আগামী ৫ এপ্রিল নতুন দিন ঠিক হয়েছে।
ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ এএনএম বশিরউল্লাহ রোববার এ দিন ঠিক করে অভিযোগ গঠনের জন্য মামলাটি ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতে পাঠিয়ে দিয়েছেন।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়ের করা এ মামলায় রোববার অভিযোগ গঠনের দিন ধার্য ছিলো।
জলিল সকালে আদালতে উপস্থিতও হন। কিন্তু দুপুর আড়াইটার শুনানির জন্য মামলাটি আদালতে উঠলে জলিলের ডাক পড়লে তাকে পাওয়া যায়নি।
তখন বিচারক জানতে চাইলে জলিলের আইনজীবী মোখলেসুর রহমান বাদল জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তিনি (জলিল) আদালতে থাকতে পারেননি।
তখন বিচারক বলেন, অভিযুক্তের উপস্থিতি ছাড়া অভিযোগ গঠন সম্ভব নয়।
এরপর তিনি অভিযাগ গঠনের জন্য নতুন দিন ঠিক করে মামলার নথিপত্র এক নম্বর বিশেষ জজ আদালতে পাঠিয়ে দেন।
মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ নিয়ে তিনবার এ মামলায় অভিযোগ ঘটনের দিন পেছালো।
এর আগে গত ১৮ জানুয়ারি এবং ১০ ফেব্র"য়ারি অভিযোগ গঠনের ধার্য দিনে বিবাদি পক্ষের সময়ের আবেদনে তা হয়নি।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জলিল এ মামলায় হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন।
তার বিরুদ্ধে গত বছরের ১৫ অক্টোবর এ মামলাটি দায়ের করা হয়।
এনবিআরের উপকমিশনার বজলুর রহমান খানের করা এ মামলায় অভিযোগ করা হয়েছে, জলিল ৫৪ লাখ ৬০ হাজার টাকা পরিমাণ আয় গোপনের মাধ্যমে এর ওপর প্রযোজ্য ৪ লাখ ৭ হাজার টাকা কর ফাঁকি দিয়েছেন।
মামলার আরজিতে আরো বলা হয়, জলিল জাতীয় রাজস্ব বোর্ডে দাখিল করা আয়কর বিবরণীতে তার স্ত্রী ও সন্তানের নামে ব্যাংকের সঞ্চয়ী হিসাব ও স্থায়ী আমানত (এফডিআর) থাকার কথাও গোপন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৬৩০ ঘ.
bdnews24