২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের ডিসি'র বিরুদ্ধে মানহানি মামলা

এক মুক্তিযোদ্ধা সম্পর্কে মানহানিকর মন্তব্য করার অভিযোগে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সাজ্জাদুল হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2010, 04:55 PM

Updated : 24 Aug 2022, 07:35 PM

সিলেট, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক মুক্তিযোদ্ধা সম্পর্কে মানহানিকর মন্তব্য করার অভিযোগে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সাজ্জাদুল হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার সিলেটের যুগ্ম জেলা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে মামলাটি করেন মুক্তিযোদ্ধা শোয়েব আহমদ চৌধুরী। বিচারক মামলাটি গ্রহণ করেছেন। তবে এখনো কোনো আদেশ দেননি বলে জানান বাদি। মামলার আবেদনে বলা হয়, ২০০৯ সালের ২২ মার্চ সাজ্জাদুল হাসান তার কার্যালয়ে মুক্তিযোদ্ধা শোয়েব আহমদ চৌধুরীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করলে তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রী বরাবর একটি অভিযোগ করেন। তখন বিষয়টি তদন্তের জন্য ভূমি মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হলে মন্ত্রণালয় তা তদন্তের দায়িত্ব দেয় মন্ত্রী পরিষদ বিভাগকে। সেখান থেকে তদন্তের দায়িত্ব পড়ে সিলেটের বিভাগীয় কমিশনারের ওপর। বিভাগীয় কমিশনার এ ব্যাপারে জবাব চাইলে জেলা প্রশাসক লিখিত জবাবে বলেন, মুক্তিযোদ্ধা হিসেবে জাতির শ্রেষ্ঠ সন্তানের নাম ভাঙিয়ে শোয়েব আহমদ সুবিধা আদায়ের চেষ্টা করছেন, যা শুভ বুদ্ধিসম্পন্ন নাগরিকের কাছে গ্রহণযোগ্য নয়। তার এই মন্তব্যে মানহানি হয়েছে দাবি করে শোয়েব আহমদ পাঁচ কোটি টাকার মানহানি মামলা (নম্বর-৬৬/২০১০) করেন। এ ব্যাপারে শোয়েব আহমদ চৌধুরী বলেন, "জেলা প্রশাসকের এমন বক্তব্য বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। এতে আমি সামাজিকভাবে হেয় হয়েছি।" মামলাটির বিষয়ে জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান বলেন, "আপনারা যেমন শুনেছেন আমিও তেমনি শুনেছি। তবে এখনো অফিসিয়ালি কোনো কাগজপত্র পাইনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৩৪ ঘ.