চট্টগ্রাম, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী একরামুল হক ছুট্টুকে (৩৭) সোমবার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে।
নগরীর কোতয়ালি থানার আসকার দিঘীর পাড়ের পুরাতন বিমান অফিস গলি থেকে রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে নগরীর কোতয়ালি ও কক্সবাজারের কুতুবদিয়া থানায় ছিনতাই, ডাকাতি, গাড়ি চুরির একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কোতয়ালি থানার ওসি মহিউদ্দিন মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর মোটরসাইকেল চুরির একটি মামলায় ছুট্টুকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
তিনি আরো জানান, ছুট্টু কোতয়ালি থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।
অস্ত্র উদ্ধার ও সহযোগীদের গ্রেপ্তারের জন্য তাকে নিয়ে গভীর রাতে পুলিশ অভিযান চালাতে পারে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এইচএ/২৩৪৬ ঘ.
bdnews24