ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফাল্গুনের শেষ দিনে রাজধানীতে ধেয়ে এসেছিল কালবৈশাখী ঝড়। ঝড়ে দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
সোমবার বিকালে দমকা বাতাসের সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়।
ছয়টা থেকে হালকা আকারে শুরু হলেও পরে প্রায় দুইঘণ্টা মুষলধারে বৃষ্টি হয়। বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনাও ঘটে।
কালবৈশাখিতে গুলশান-১ নং মোড়ে একটি বিলবোর্ড পড়ে গিয়ে কয়েকটি গাড়ি চাপা পড়ে অজ্ঞাত পরিচয় এক গাড়িচালক গুরুতর আহত হন। ইউনাইটেড হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন গুলশান থানার ওসি কামাল উদ্দিন।
পরে দমকল বিভাগ গাড়িগুলো উদ্ধার করে।
এ সময় পাশে থাকা সাইফুল ইসলাম (১৫) নামে একজন ফাস্টফুডের দোকানের কর্মচারী মারা যান। এ ঘটনায় আরো তিনজন আহত হন।
এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় আরো সাতজন আহত হয়েছেন।
নগরীতে হঠাৎ ঝড়ে ভোগান্তিতে পড়েন অফিস শেষে ঘরফেরতা মানুষ। দোকান ও বিভিন্ন শপিং মলে অনেকে আশ্রয় নেন। আবার অনেককেই বহুদিন পরে পাওয়া বৃষ্টিতে ভিজে ভিজে হাঁটতে দেখা যায়।
আবহাওয়া দপ্তরের সহকারি আবহাওয়াবিদ রাশেদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ৮টা পর্যন্ত ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে সন্ধা ৬টা পর্যন্ত সারাদেশের অন্য কোথাও বৃষ্টিপাতের ঘটনা ঘটেনি।"
এ সময় হঠাৎ কালবৈশাখি ও বৃষ্টিপাত অস্বাভাবিক নয় বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/এইচএ/০০৩২ ঘ.
bdnews24