২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসি নির্বাচনের তফসিল এপ্রিলে: ছহুল

ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচনের তফসিল ঘোষণা হবে আগামী এপ্রিল মাসের শেষ ভাগে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2010, 11:18 AM

Updated : 24 Aug 2022, 07:34 PM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচনের তফসিল ঘোষণা হবে আগামী এপ্রিল মাসের শেষ ভাগে। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সোমবার নির্বাচন কমিশনের (ইসি) এ পরিকল্পনার কথা জানিয়েছেন। সে ক্ষেত্রে ভোটগ্রহণ হবে মে মাসের শেষ ভাগে। ছহুল জানান, ভোলা-৩ আসনের উপ-নির্বাচনের তফসিল দুই-তিন দিনের মধ্যেই ঘোষণা হবে। ডিসিসি নির্বাচন এপ্রিলে করার কথা থাকলেও ওয়ার্ড সীমানা পুনর্নির্ধারণ নিয়ে কয়েকটি রিট আবেদন হওয়ায় তা পিছিয়ে নিতে বাধ্য হয় ইসি। তবে গত মাসের শেষ দিকে এ সংক্রান্ত পাঁচটি রিট আবেদন আদালত খারিজ করলে নির্বাচনের পথ প্রশস্ত হয়। ২০০৭ সালের মে ডিসিসির বর্তমান প্রতিনিধিদের মেয়াদ শেষ হয়। বর্তমানে ডিসিসির ৯০টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩৭ লাখ ৫৫ হাজার ৬ ৯০ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ২ হাজার ২৭টি। ভোট কক্ষের (বুথের) সংখ্যা ৯ হাজার ৫০৫টি। ছহুল হোসাইন ইসিতে তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে এক সপ্তাহ ধরে জিআইএস (জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম) এর মাধ্যমে ডিসিসি প্রতিটি ওয়ার্ডের সীমানা পুনর্নির্ধারণের কাজ চলছে। এ পদ্ধতিতে আঞ্চলিক ও প্রশাসনিক অখণ্ডতা এবং জনসংখ্যার সমতা বজায় রাখা হচ্ছে। এবার ওয়ার্ডের সংখ্যা বেড়ে ৯২ হতে পারে বলে আভাস দিয়েছেন তিনি। আগামী সপ্তাহের মধ্যে সীমানা পুনর্নির্ধারণের প্রাথমিক কাজ শেষ হওয়ার আশা প্রকাশ করে ছহুল বলেন, "এ বিষয়ে দাবি, আপত্তি শুনানির কাজ শেষ করতে হবে। এরপরই মে মাসে নির্বাচন করতে এপ্রিলের শেষ দিকেই তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে।" এর আগে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদাও মে মাসে ডিসিসি নির্বাচন করার সম্ভাব্যতার কথা জানিয়েছিলেন। "মে মাসেই ডিসিসি নির্বাচন করার আগের অবস্থানে অনড় রয়েছে ইসি", বলেন ছহুল। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন এর পরে করার পরিকল্পনার কথাও জানান তিনি। এক প্রশ্নের জবাবে ছহুল বলেন, "সোমবার ভোলা জেলার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে। ভোলা-৩ আসনের উপ নির্বাচনের তফসিল দুই তিনদিনের মধ্যে ঘোষণা করা হবে। মঙ্গলবার কমিশন বৈঠক করে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।" সরকারি দলের সংসদ সদস্য জসিমউদ্দিনের প্রার্থিতা বাতিল হওয়ায় ভোলা-৩ আসনটি ফেব্র"য়ারিতে শূন্য ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৭০০ ঘ.