সাভার, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার সাভার শিল্পাঞ্চলে বৃহস্পতিবার কয়েকটি কারখানা ভাংচুর করেছে শ্রমিকরা। এ সময় বিক্ষুদ্ধ শ্রমিকরা অন্তত দশটি গাড়ি ভাংচুর করে।
পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। দুপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপে অন্তত ৪০ জন আহত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আর্মড পুলিশ ফাঁকা গুলি বর্ষণ করে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম।
এছাড়া অপ্রীতিকার ঘটনা এড়াতে অন্তত ৫০টি কারখানা শুক্রবার ছুটি ঘোষণা করা হয়।
পুলিশ ও শ্রমিকরা জানায়, সাভারের আশুলিয়া থানাধীন কাঠগড়া এলাকায় তৈরি পোশাক কারখানা 'টেক্সটাউন গ্র"পে'র প্রায় ১৫শ' শ্রমিক বৃহস্পতিবার সন্ধ্যায় কারখানা কর্তৃপক্ষের কাছে সাতদফা দাবি জানিয়ে বিক্ষোভ করে। তারা কারখানায় ভাংচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে প্রায় ২০ শ্রমিক আহত হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে আগুন ধরিয়ে দেয়।
শুক্রবার সকাল ৮ টার দিকে শ্রমিকরা আবার কারখানায় এসে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা কারখানা থেকে বেরিয়ে বিশমাইল-জিরাব সড়কে আসার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।
কারখানার সুইং অপারেটর সোহেল, কোয়ালিটিম্যান পরেশ চন্দ্র বর্মণ, অপারেটর আকিদুল ইসলাম, মতিউর রহমান, টিটু, সাগর ও নীরব সাংবাদিকদের জানান, তাদের দাবি হচ্ছে- বেতন ও অতিরিক্ত কাজের মজুরি (ওভারটাইম) প্রতি মাসের ৭ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে, শ্রমিক ছাঁটাই চলবে না, বছরে নূন্যতম শতকরা ১০ ভাগ হারে বেতন বাড়াতে হবে, বাৎসরিক ছুটির টাকা বছর শেষে দিতে হবে, মাতৃত্বকালীন ছুটি দিতে হবে, ন্যূনতম ১৫/২০ টাকার টিফিন দিতে হবে এবং ছুটির দিন লাঞ্চের পর কাজ করালে ৫০/৬০ টাকা দিতে হবে।
তারা কারখানার উৎপাদন ব্যবস্থাপক (প্রডাকশন ম্যানেজার) আশরাফুল হক মিলন, ফ্লোর ইনচার্জ মেহেদী হাসান, আব্দুল হাই ও ইয়াহিয়াকে প্রত্যাহার করার দাবি জানান।
এ সময় অন্য শ্রমিকরা জানান, এসব কর্মকর্তা কথায় কথায় শ্রমিকদের সঙ্গে দুব্যবহার করে। এমনকি মহিলা শ্রমিকদের গায়ে হাত দেয়।
শ্রমিকরা জানান, দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
দুপুর ১টার দিকে শ্রমিকদের সঙ্গে আলোচনার জন্য বিজেএমইএ'র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, অতিরিক্ত সচিব মনসুর খালেদ ও সহকারী সচিব আবুল হোসেন টেক্সটাউন গ্র"পে আসেন। এসময় তারা কারখানার ভাংচুর করা অংশ ঘুরে দেখেন।
পরে কারখানা কর্তৃপক্ষ ও পাঁচ শ্রমিক প্রতিনিধির সঙ্গে দাবি-দাওয়ার বিষয় নিয়ে আলোচনায় বসেন। এ সময় পুলিশ ও র্যাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কারখানার ব্যবস্থাপক লোকমান হোসেন জানান, শ্রমিকদের দাবি মেনে নিয়ে তাদের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে।
ভাংচুর করার কারণে কারখানায় কিছু কাজ করাতে হবে- তাই দুদিন কারখানা বন্ধ থাকবে। সোমবার যথারীতি কারখানা খোলা হবে।
এদিকে সকাল ৯ টার দিকে কিছু বহিরাগত শ্রমিক পুকুরপাড় এলাকার তৈরি পোশাক কারখানা 'লুসাকা গ্র"পে' ইটপাটকেল নিক্ষেপ করে। ভাংচুরের চেষ্টা চালায় কারখানার মূল ফটক।
সোয়া ৯ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তব্যরত আমর্ড ব্যাটালিয়ন পুলিশের সদস্যরা ২২ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে।
এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়ে যায়। প্রায় আধা ঘন্টার ধাওয়া পাল্টা-ধাওয়ায় তিন ব্যাটেলিয়ান পুলিশ, দুই আনসারসহ প্রায় ৪০ জন আহত হয়।
আহতদের মধ্যে আছেন- আমর্ড ব্যাটালিয়ন পুলিশের হাবিলদার মনির হোসেন, নায়েক মিজান, কনস্টেবল ফারুক, আনসার সদস্য সোলাইমান খান ও ইব্রাহিম।
আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আমর্ড পুলিশের হাবিলদার মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, লুসাকা গ্র"পের পাশের এ্যাকটিভ কম্পোজিট নামের একটি পোশাক কারখানার ছাদ থেকে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।
তিনি দাবি করেন, ইটের আঘাতেই পুলিশ ও আনসার সদস্যরা আহত হয়েছে।
সকাল সাড়ে ৯টার দিকে বহিরাগতদের একটি গ্র"প ওই এলাকার অরুনিমা স্পোর্টস ওয়্যার লিমিটেড নামের কারখানার সীমানা প্রাচীর ডিঙ্গিয়ে ভেতরে ঢুকে কারখানার হিসাব শাখা, নিরাপত্তাকর্মীদের কক্ষ ভাংচুর করে।
এছাড়া তারা শ্রমিকদের যাতায়াতের ৮টি স্টাফ বাস, একটি কাভার্ড ভ্যান ও একটি মাইক্রোবাস ভাংচুর করে।
কারখানার সহকারী প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন জানান, দেয়াল টপকে শ্রমিক নামধারী কিছু বহিরাগত দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালিয়ে ভাংচুর করে।
তাদের কারখানায় শ্রমিক অসন্তোষের কোন ঘটনা নেই বলে তিনি দাবি করেন।
পরে বিশৃঙ্খলা এড়াতে একদিনের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করেন তারা।
এসব ঘটনায় বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে সকাল ১০টার দিকে এ্যাকটিভ কম্পোজিট, মাসকট গ্র"প, আইরিশ ফ্যাশন, সাউদার্ন গামের্ন্টস লিমিটেড, ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ফ্যাশন হাউস (সাউদার্ন) লিমিটেড, মিলেনিয়াম টেক্সটাইলস (সাউদার্ন) লিমিটেড, লুসাকা গ্র"পের প্রতিষ্ঠান বেক নিট লিমিটেড, তাম্মাম ডিজাইন লিমিটেড, বেক সুয়েটার লিমিটেড, সিকে সোয়েটার লিমিটেড ও বেক ফ্রেবিক্স লিমিটেডসহ প্রায় ৫০টি খানা শুক্রবারের জন্য ছুটি দিয়ে দেওয়া হয়।
কারখানাগুলোর কর্তৃপক্ষ মূল ফটকে 'ফ্যাক্টরি বন্ধ' লিখে নোটিশ ঝুলিয়ে দেয়।
আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম জানান, অন্য কারখানার শ্রমিকদের ভাংচুরে কিছু স্থানীয়ও জড়িত ছিল। পরিস্থিতি এখন স্বাভাবিক। কিন্তু কাঠগড়া ও পুকুরপাড় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
হামলা-ভাংচুরের ঘটনায় থানায় এখনো পর্যন্ত মামলা হয়নি বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৩ ঘ.
bdnews24