রংপুর, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে হিমাগারে আলু রাখার দাবিতে বিক্ষোভরত কৃষকদের লাঠিপেটা করেছে পুলিশ।
শুক্রবার সকালে কৃষকরা অবরোধ করলে ঢাকা-রংপুর সড়কে সকালে প্রায় চার ঘণ্টা গাড়ি চলাচলও বন্ধ থাকে। সকাল ১০টার দিকে পুলিশ কৃষকদের হটিয়ে দেয়।
দেশে এবার আলুর ভালো ফলন হলেও হিমাগারগুলোতে পর্যাপ্ত স্থান না থাকায় কৃষকরা বিপাকে পড়েছে। বাজারে দাম পড়ে যাওয়ায় উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন তারা।
রংপুর জেলায় এবার ১৫ লাখ টন আলু উৎপাদিত হয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে। আলু রাখার জন্য বুধবার সন্ধ্যা থেকেই বিপুল সংখ্যক কৃষক মিঠপুকুর উপজেলার দমদমা এলাকায় শাহ সুলতান কোল্ড স্টোরেজের সামনে অপেক্ষা করছিলো।
কিন্তু হিমাগার কর্তৃপক্ষ আর আলু রাখতে পারবে না জানালে ভোর ৫টার দিকে কৃষকরা বিক্ষোভ শুরু করে বলে স্থানীয়রা জানায়। এক পর্যায়ে তারা হিমাগার সংলগ্ন ঢাকা-রংপুর সড়ক অবরোধ করে। এতে সকাল ৬টা থেকে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
বেশ কয়েকজন কৃষক সাংবাদিকদের বলেন, আলু এখন হিমাগারে রাখতে না পারলে পচে যাবে। ফলে চাষের জন্য নেওয়া ঋণ পরিশোধ করতে বাস্তভিটা বিক্রি করে পরিবার নিয়ে পথে বসতে হবে।
অন্য দিকে শাহ সুলতান হিমাগারের ব্যবস্থাপক মোস্তাফিজার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের হিমাগারের ধারণ ক্ষমতা ২ লাখ ১০ হাজার বস্তা।
"এর মধ্যেই ১ লাখ ৮০ হাজার বস্তা আলু নেওয়া হয়ে গেছে; কিন্তু যত কৃষক আলু নিয়ে এসেছে সবার আলু নেওয়া সম্ভব নয়", বলেন তিনি।
কৃষকদের অবরোধের খবর শুনে র্যাব ও পুলিশ ঘটনাস্থলে যায়। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাঠিপটা করে কৃষকদের হটিয়ে দিলে সড়কে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়। তবে কৃষকরা হিমাগারের সামনে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।
পুলিশের লাঠিপেটায় অন্তত ৫০ জন আহত হয়েছে বলে কৃষকদের দাবি। তারা আরো অভিযোগ করেছে, পুলিশের সঙ্গে হিমাগারের লোকজনও তাদের ওপর হামলা চালায়।
তবে কৃষকদের ওপর হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন হিমাগারের ব্যবস্থাপক মোস্তাফিজার।
মিঠাপুকুর থানার ওসি আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শুধু আলুই নয়, টমেটোসহ অন্য কিছু কৃষিদ্রব্যেরও বাজার মূল্য পড়ে যাওয়ায় কৃষকরা উৎপাদন খরচ তুলতে পারছেন না। কয়েকদিন আগে রাস্তায় টমোটো ফেলে তার প্রতিবাদ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২০ ঘ.
bdnews24