২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপদকালীন 'জরুরি' পাসপোর্ট দেওয়ার পরিকল্পনা

যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট ও ভিসা পদ্ধতি পুরোদমে চালু না হওয়া পর্যন্ত বর্তমান পদ্ধতির 'জরুরি পাসপোর্ট' দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, যার ন্যূনতম মেয়াদ হবে এক বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2010, 06:39 AM

Updated : 24 Aug 2022, 07:29 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট ও ভিসা পদ্ধতি পুরোদমে চালু না হওয়া পর্যন্ত বর্তমান পদ্ধতির 'জরুরি পাসপোর্ট' দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, যার ন্যূনতম মেয়াদ হবে এক বছর। এ বিষয়ে একটি প্রস্তাব ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জানিয়ে অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল মাবুদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, অর্থ ও আইন মন্ত্রণালয়ের সম্মতি পেলে কয়েকদিনের মধ্যেই পরিপত্র জারি হবে। আপদকালীন এ 'জরুরি পাসপোর্ট' নিতে ১ হাজার টাকা ফি-র প্রস্তাব করা হয়েছে। আন্তর্জাতিক বেসামরিক বিমান পরিবহন সংস্থা (আইসিএও) এর নীতিমালা মেনে ১ এপ্রিল থেকে যন্ত্রে পাঠযোগ্য ভিসা (এমআরভি) ও পাসপোর্ট (এমআরপি) দেওয়ার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তবে নতুন ধরনের পাসপোর্ট ও ভিসা পেতে সময় লাগছে বলে আপদকালীন এ ব্যবস্থা। পাসপোর্ট অধিদপ্তর থেকে বর্তমানে সনাতন পদ্ধতিতে হাতে লেখা পাসপোর্ট দেওয়া হয়। এতে ছবি ও স্বাক্ষর জালিয়াতির সুযোগ থাকে। এছাড়া ব্যক্তিগত বিবরণি সম্বলিত কোনো তথ্যভাণ্ডার (ডাটাবেজ) না থাকায় এক নামে একাধিক পাসপোর্ট করার প্রবণতাও রয়েছে। দেশে বর্তমানে পাসপোর্টধারীর সংখ্যা সোয়া কোটি। এর মধ্যে মেয়াদ থাকা পাসপোর্টগুলো ২০১৫ সাল পর্যন্ত চলবে। এরপর নবায়নের সময় যন্ত্রে বর্তমানটি প্রতিস্থাপন করে পাঠযোগ্য পাসপোর্ট দেওয়া হবে বলে পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন। মাবুদ বলেন, "যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট ও ভিসা হাতে পাওয়ার আগ পর্যন্ত জরুরিভিত্তিতে (ট্রাঞ্জিশনাল পিরিয়ডে) সেবা দিতেই হাতে লেখা সাময়িক ইমার্জেন্সি পাসপোর্ট দেওয়া হবে। এর মেয়াদ কমপক্ষে একবছর হবে।" 'ইন্ট্রোডিউসিং অব মেশিন রিডেবল পাসপোর্ট অ্যান্ড মেশিন রিডেবল ভিসা ইন বাংলাদেশ' প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেফায়েত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১ এপ্রিল থেকে এমআরপি ও এমআরভি দেওয়ার নির্দেশনা থাকলেও কোনো কারণে তাতে সমর্থ না হলে 'হাতে লেখা পাসপোর্ট' দেওয়ার বিকল্প ব্যবস্থার কথাও বলা রয়েছে আইসিএও-এর (ডকুমেন্ট ৯৩০৩ আইকিউ) নীতিমালায়। "জরুরি প্রয়োজনে কারো অসুবিধা হবে না। 'আপদকালীন' এই সময় এক মাস হোক বা এক বছরই হোক- একটি নির্দিষ্ট ফি'র মাধ্যমে সামিয়ক ইমার্জেন্সি পাসপোর্ট নির্ধারিত মেয়াদের জন্য দেওয়া হবে। এমআরপি'র জন্য তড়িঘড়ি করারও দরকার নেই", বলেন অধিদপ্তরের মহাপরিচালক মাবুদ। জরুরি পাসপোর্টের বিষয়ে পাসপোর্ট অধিদপ্তর প্রস্তাব রেখেছে, পাঁচ অথবা ১০ বছরের যে সব পাসপোর্টের মেয়াদ এ বছরের ৩১ মার্চ শেষ হচ্ছে সেগুলো এক বছরের (মার্চ ২০১১) জন্য নবায়ন করা যেতে পারে। এছাড়া ২০ মার্চের পর সাধারণভাবে নতুন পাসপোর্টের জন্য আবেদন করা হবে না। তবে যে সব আবেদনের বিপরীতে ৩১ মার্চের মধ্যে পাসপোর্ট দেওয়া সম্ভব হবে তাদের আবেদন গ্রহণ করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখার উপ-প্রধান মো. আনোয়ার হোসেন জানান, বর্তমানে বিশ্বের ৮০টির বেশি দেশে এমআরপি ও এমআরভি চালু রয়েছে। ১৯৯৭ সালে বাংলাদেশে পাসপোর্ট আধুনিকায়নের কার্যক্রম শুরু হয়। ২০০৪ সালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট, ভিসা ও জাতীয় পরিচয়পত্র প্রবর্তনের কার্যক্রম গ্রহণ করে। কিন্তু পরবর্তীতে তা আর এগোয়নি। ২০০৮-০৯ সালের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এ সংক্রান্ত একটি উন্নয়ন প্রকল্প নেওয়া হয়। পরিকল্পনা কমিশনের 'প্রকল্প মূল্যায়ন কমিটি (পিইসি)' সভার সিদ্ধান্ত অনুসারে আন্তঃমন্ত্রণালয় কমিটি প্রতিবেদন অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখা বরাদ্দ অনুমোদনের প্রস্তাব দেয়। গত বছরের জুলাইয়ে প্রকল্পের দরপত্র আহ্বানের কথা থাকলেও কাজ পাওয়া নিয়ো জটিলতায় পিছিয়ে পড়ে কার্যক্রম। শেষ পর্যন্ত এ বছরের শুরুতে আইআরআইএস করপোরেশন বারহাড কাজটি পায়, তবে তাদের যোগ্যতাও প্রশ্নবিদ্ধ। ব্রিগেডিয়ার জেনারেল রেফায়েত উল্লাহ বলেন, "১ এপ্রিল থেকে ঢাকা ও আঞ্চলিক অফিসসহ দেশের ৬৭টি অফিস থেকে এমআরপি ও এমআরভি'র আবেদন গ্রহণ-বিতরণ শুরু করতে চাই। তবে আধুনিক যন্ত্রপাতি ও আনুষঙ্গিক প্রযুক্তি স্থাপন সম্পন্ন করে এপ্রিলের শেষ দিকে সংশ্লিষ্টদের হাতে সেবা পৌঁছে দিতে পারবো আমরা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১২৩০ ঘ.