ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিজ্ঞাসাবাদের জন্য রমনা থানায় আনা এক আসামি মঙ্গলবার মারা গেছে। তবে জাকির হোসেন (৪৫) নামে ওই ব্যক্তির মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।
গাড়ি চুরি মামলার আসামি জাকিরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি নিয়ে সোমবার থানায় আনা হয়েছিলো বলে রমনা থানার ওসি শিবলী নোমান জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাকির হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দুপুর সোয়া ২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
গোয়েন্দা পুলিশ গাড়ি চুরির অভিযোগে আট দিন আগে জাকিরকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের জন্য সোমবার তাকে এক দিনের হেফাজতে পায় পুলিশ।
জাকিরের মৃত্যুর কারণ কী- জানতে চাওয়া হলে ময়না তদন্তের আগে এ বিষয়ে কিছু বলতে ওসি রাজি হননি।
অপরাধের বিষয়ে আরো তথ্যের জন্য আদালতের অনুমতি নিয়ে পুলিশ বিভিন্ন আসামিকে নিজেদের হেফাজতে (রিমান্ড) নেয়। তবে এ ক্ষেত্রে নির্যাতন চালানো হয় বলে বহু অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/এমআই/১৫১৫ ঘ.
bdnews24