খুলনা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনার দাকোপ উপজেলায় শিবসা নদীতে জোয়ারের চাপে বেড়িবাঁধ ভেঙে ১৮টি গ্রাম তলিয়ে গেছে।
এসব গ্রামের প্রায় দুই হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
সোমবার সকালে উপজেলার সুতারখালি ইউনিয়নে সুতারখালি গ্রামে বেড়িবাঁধের প্রায় সাতশ' গজ ধসে যায় বলে জানিয়েছেন খুলনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ণিমায় নলিয়ান নদীতে স্বাভাবিকের চেয়ে ৪/৫ ফুট বেশি উচ্চতার জোয়ারে বেড়িবাঁধে ভাঙন ধরে।
ভাঙা বাঁধ মেরামতের কাজ চলছে বলে আনোয়ার হোসেন জানান।
প্লাবিত গ্রামগুলো হল- সুতারখালি ইউনিয়নের নলিয়ান, সুতারখালি, নলিয়ান মধ্যপাড়া, বাইনতলা, গুনারি, মধ্যমগুনারি, কালাবগি, উত্তরপাড়া, দক্ষিণনলিয়ান, পূর্বগুনারি, কাটাবুনিয়া, কেওড়াতলা, মাঝিপাড়া, গোলবুনিয়া, জালিয়াখালি, ভিটেভাঙ্গা, শ্রীনগর ও তেলিরকোনা।
ইউনিয়নের প্রায় ২৫ বর্গ কিলোমিটার এলাকার গ্রামগুলোতে বাড়ির উঠোন হাঁটু পরিমান পানিতে তলিয়ে গেছে। এছাড়া ৫০-৬০ পুকুর ও মাছের ঘের ভেসে গেছে বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন।
তিনি বলেন, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জোয়ারের পানির চাপে বাঁধ ধসে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৫ ঘ.
bdnews24