ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়েই কাজ করায় ঢাকার নবাবগঞ্জের একটি ইটভাটাকে অর্থদণ্ড করে তা বন্ধ করার নির্দেশ দিয়েছে আদালত।
ঢাকা বিভাগীয় পরিবেশ আদালতের বিচারক ফউজুল আজিম ২০০৫ সালে দায়ের করা একটি মামলায় রোববার এ রায় দেন।
দূষণ প্রতিরোধ প্রযুক্তি ব্যবহার না করা এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নেওয়ায় নবাবগঞ্জের চরকান্দি গ্রামের ভাই ভাই ব্রিকসের মালিক মো. শের আলীকে চার হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অর্থ দিতে ব্যর্থ হলে তাকে দুই মাস কারাভোগ করতে হবে।
মামলার বিচার চলাকালে শের আলী দোষ স্বীকার করে ভবিষ্যতে এ ধরণের অপরাধ আর করবেন না বলে আদালতের কাছে অঙ্গীকার করেন।
আদালত একইসঙ্গে পরিবেশসম্মত উৎপাদন নিশ্চিত না করা পর্যন্ত ইটাভাটাটি বন্ধ রাখার নির্দেশ দেয়।
নবাবগঞ্জের কৈলাইল গ্রামের মো. আবু বকর হোসেন চৌধুরী ২০০৫ সালে পরিবেশ অধিদপ্তরে আবেদন করে কোনো প্রতিকার না পেয়ে ঢাকা বিভাগীয় পরিবেশ আদালতে এ মামলাটি করেন।
বাদি অভিযোগ করেন, আবাসিক এবং আবাদি জমি এলাকায় স্থাপিত ইটের ভাটার দূষণের কারণে তার আড়াই একর জমিতে ফসল জন্মাচ্ছে না।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মকবুল হোসেন ২০০৯ সালের ২১ জুলাই আদালতে অভিযোগপত্র দেন।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ বিধিমালা-১৯৯৭ অনুসারে ইটের ভাটা পরিচালনার জন্য দূষণ প্রতিরোধে যথাযথ প্রযুক্তিগত স্থাপনা সংযোজনের পরই কেবল পরিবেশগত ছাড়পত্র পেতে পারে। তাছাড়া ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) আইন-১৯৮৯ এর বিধান অনুসারে উপজেলা সদর, আবাসিক এলাকা, পৌর এলাকা, আবাদি জমি ও ফলের বাগান থেকে তিন কিলোমিটার এলাকার ভেতর কোনো প্রকার ইটের ভাটা স্থাপন করা নিষিদ্ধ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১১১৫ ঘ.
bdnews24