পঞ্চগড়, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'মাসি, ও মাসি, যা ভালো থাকিস। পরের বছর আবারো আসিস'। 'মামা, মামিক যাই কইস, হামরা সবাই ভালো আছি'।
এমন নানা আবেগমাখা কথা শোনা গেছে পঞ্চগড়ের হাড়িভাষা সীমান্তের ওপারে।
বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও ভারতের সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) সম্মতিতে রোববার দুই দেশের বাঙালিদের এই মিলনমেলা সকালে শুরু হয়ে সন্ধ্যায় শেষ হয়।
সীমান্তের ৭৫৭ নম্বর মেইন পিলার থেকে ২০ গজ দূরে ভারতীয় এলাকার সৈয়দ বুড়াপীর হুজুরের মাজারে ২৭ ও ২৮ ফেব্র"য়ারি ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সেখানে দুই দেশের বিভিন্ন এলাকার প্রায় এক লাখ লোকের সমাগম ঘটে।
দু'দিনের ওরশের দ্বিতীয় দিন এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এখানে এসে তারা দীর্ঘদিন না দেখা স্বজনদের সঙ্গে মিলিত হন।
এবার ছিল সৈয়দ বুড়াপীর হুজুরের ৬৭ তম ওরশ মাহফিল। প্রতিবছর এমন মিলনমেলা হলেও দু'দেশের নানা সমস্যার কারণে গত তিন বছর এ সুযোগ মেলেনি।
বিডিআরের ভিতরগড় কোম্পানি কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন তালুকদার বলেন, উভয় দেশের সীমান্তরক্ষা বাহিনীর সম্মতিতে দুই দেশের নাগরিকদের মেলামেশার সুযোগ দেওয়া হয়। এ সুযোগ পেয়ে তারা একে অপরের সুখ দুঃখের খবর নেয়, আনন্দ ভাগাভাগি করে।
নীলফামারীর ডোমার উপজেলার চাঁন্দখানা গ্রামের আমেনা খাতুন (৪০) ভারতে বসবাসকারী দুই ছেলেকে পেয়ে চোখের পানি ধরে রাখতে পারছিলেন না। ছেলেরাও মাকে পেয়ে যেন মুখের ভাষা হারিয়ে ফেলেন। অনেকক্ষণ তারা কোনো কথা না বলে শুধু চোখের জলেই ভাব বিনিময় করেন।
ভারতের জলপাইগুড়ির বানাহারে বসবাসরত বড় ছেলে জিয়াউল হক (২৮) বলেন, "দুই বছর পর মাকে দেখতে পেয়েছি। কিছুক্ষণ পর চলে যেতে হবে। এটা ভাবতেই কষ্ট হচ্ছে। মাকে রেখে যেতে ইচ্ছে করছে না ভাই।"
পঞ্চগড়ের বোদা উপজেলার গোবিন্দগুরু গ্রামের অখিল চন্দ্র বর্মণ (৫০) ভগ্নিপতি সত্যেন বর্মণকে পেয়ে নানা খোঁজখবর নিচ্ছেন। তার সঙ্গে আসা অন্য ভারতীয় স্বজনরাও একে অপরের সঙ্গে নানা কথায় মেতে ওঠেন।
দার্জিলিংয়ের মাটিগাড়া থানার পাথরঘাটা গ্রামের বাসিন্দা সত্যেন বলেন, "ভাই ১০ বছর পর আমাদের সাক্ষাৎ হচ্ছে। আমরা একটু কথা বলি।"
দার্জিলিং জেলার মাটিগাড়া থানার বিমল বর্মন (৩৫) বলেন, পঞ্চগড়ের দেবীগঞ্জের সুন্দরদীঘি ইউনিয়নের বসুনিয়াপাড়ার বড়ভাই চৈতন্য বর্মনের সঙ্গে পাঁচ বছর পর দেখা হয়েছে।
বসুনিয়াপাড়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কৌশল্যা বলেন, ওপারে (ভারতে) তার কাকা, ঠাকমাসহ অনেকেই থাকেন। ছোট থেকে তাদের তিনি দেখেননি। ওরশের দিনটির জন্যই তার অপেক্ষা ছিল। আজ তাদের দেখা পেয়ে মনটা ভাল হয়ে গেছে।
তাদের এলাকা থেকে আরো অনেকেই এসেছেন বলে জানান।
বাঙালির এই মিলনমেলা দেখতে আসেন পঞ্চগড়ের আওয়ামী লীগ দলীয় সাংসদ মজাহারুল হক প্রধান ও জলপাইগুড়ির কংগ্রেস দলীয় বিধায়ক দেবপ্রসাদ রায়।
প্রচুর লোক সমাগম আর আবেগঘন পরিবেশে এ দুই জনপ্রতিনিধি বলেন, কাঁটাতারের বেড়া মানুষের মনের কাছে হার মেনেছে। ভালোবাসার যে সুদৃঢ় বন্ধন সেটা আবারও প্রমাণ হয়েছে।
এ ছাড়া ভারতীয় দৈনিক জাগরণের অভিজিৎ বোস, ডিডি বাংলার সুদীপ মজুমদার, জলপাইগুড়ি প্রেসক্লাবের সেক্রেটারি শান্তনু কর, সংবাদ প্রতিদিনের প্রদীপ সাহা বাংলাদেশের পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবুর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
সন্ধ্যার আগে দুই দেশের বাসিন্দারা যে যার মত করে নিজ নিজ দেশে ফিরতে শুরু করেন। তখন একে অন্যকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। যেন কেউ কাউকে যেতে দেবে না। তবুও তাদের যেতে হয়। কারণ তারা যে আলাদা দেশের বাসিন্দা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫৮ ঘ.
bdnews24