২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্বাচলের জন্য উড়ালপথ

পূর্বাচল নতুন শহরের অধিবাসীদের ঢাকায় যাতায়াত সহজ করতে কুড়িল-বিশ্বরোডের জোয়ারসাহারা প্রান্তে একটি উড়ালপথ তৈরির কথা ভাবছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2010, 02:48 PM

Updated : 24 Aug 2022, 07:08 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্বাচল নতুন শহরের অধিবাসীদের ঢাকায় যাতায়াত সহজ করতে কুড়িল-বিশ্বরোডের জোয়ারসাহারা প্রান্তে একটি উড়ালপথ তৈরির কথা ভাবছে সরকার। এটি তৈরির ঠিকাদার নিয়োগের প্রস্তাব সোমবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে চূড়ান্ত হতে পারে বলে একাধিক সরকারি সূত্র নিশ্চিত করেছে। কর্মকর্তারা বলছেন, পূর্বাচল প্রকল্প-সংশ্লিষ্ট গণপূর্ত মন্ত্রণালয়ের কয়েকটি প্রস্তাব ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে তোলা হবে অনুমোদনের জন্য। মন্ত্রিপরিষদ বিভাগের নির্ধারিত আলোচ্যসূচি অনুযায়ী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ছয়টি, সড়ক ও রেলপথ বিভাগের দুটি, স্থানীয় সরকার বিভাগের একটি এবং বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) একটি প্রস্তাব সভায় উঠবে। সোমবারের সভায় সংযোগ সড়কসহ ছয়টি সেতু নির্মাণ, ভূ-পৃষ্ঠে নিষ্কাশন ব্যবস্থাসহ অভ্যন্তরীণ সড়কের ২১টি অংশ এবং কুড়িল-বিশ্বরোডের বিমানবন্দর প্রান্তে তিন দশমিক এক কিলোমিটার দীর্ঘ উড়ালপথ নির্মাণের প্রস্তাব অনুমোদনের জন্য তোলা হবে। কুড়িল-জোয়ারসাহারা এলাকায় রেলওয়ে ক্রসিংয়ের ওপর প্রায় ১২ দশমিক ছয় একর জমির ওপর হবে উড়ালপথটি। এর মধ্যে রেলওয়ের প্রায় ১০ একর এবং অবশিষ্ট জমি স্থানীয়ভাবে হুকুম দখল করা হবে। একে পূর্বাচল, কুড়িল ও বিমানবন্দর সড়কের সঙ্গে যুক্ত করতে পূর্বাচল প্রান্তে প্রায় দুই কিলোমিটার নতুন সড়ক এবং সাধারণ সেতু নির্মাণের প্রস্তাব করা হয়েছে। উড়ালপথ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৯৭ কোটি ৮০ লাখ ৮৪ হাজার টাকা। সংযোগ সড়ক ও সাধারণ সেতু নির্মাণ, হাঁটাপথ, নামার সিঁড়ি, বৈদ্যুতিক ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে মোট ১৯১ কোটি ১৬ লাখ ছয় হাজার টাকা ব্যয় হবে। অন্যান্য প্রস্তাব ভূ-পৃষ্ঠের নিষ্কাশন ব্যবস্থাসহ অভ্যন্তরীণ সড়ক নির্মাণে দ্বিতীয় পর্যায়ের ৬২টি লটের মধ্যে ২১টির জন্য এ পর্যায়ে ঠিকাদার নিয়োগের অনুমোদন দেওয়া হবে। ৬২টি লটে মোট ১৯০ কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে। এর আগে প্রথম পর্যায়ে ৪৬টি লটে ঠিকাদার নিয়োগ দেয়া হয়। কিন্তু ছয়টি লটের ঠিকাদাররা সময়মতো কাজ শুরু করতে না পারায় তাদের কার্যাদেশ বাতিল করা হয়। এ ৪৬টি লটে মোট ৪৫ কিলোমিটার সড়ক নির্মাণের অনুমোদন দেওয়া হয়। এছাড়া পূর্বাচল প্রকল্পের ভেতরে বিভিন্ন সেক্টরে লেক ও খালের ওপর মোট ৬৩টি সেতু নির্মাণ করা হবে। এর মধ্যে ছয়টি সোমবার অনুমোদনের জন্য মন্ত্রিসভা কমিটিতে তোলা হবে। এর আগে প্রথম পর্যায়ে অনুমোদন দেওয়া সাতটিতে বর্তমানে কাজ চলছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ব্যাপারে রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি উপস্থাপনা হয়। রাজউকের সদস্য (উন্নয়ন) মাহবুব উল আলম বিষয়টি তুলে ধরেন। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান ও সচিব মাহবুব উর রহমান এসময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২০৩৭ ঘ.