খুলনা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাবাকে গুলি করে হত্যাকারী ছেলে শেখ মাহাবুব হোসেন মানুকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে তাকে খুলনা নগরীর নিরালা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
২৬ ফেব্র"য়ারি নগরীর সোনাডাঙ্গা থানার পশ্চিম বানিয়াখমার এলাকায় ছেলে মাহাবুবের গুলিতে নিজের বাড়িতে নিহত হন শেখ আবু মুসা (৬২)।
মুসা খুলনা সিটি কর্পোরেশনের অবসরপ্রাপ্ত কর্মচারি ছিলেন। তার সনদঅলা বন্দুক দিয়ে গুলি করে মাহাবুব।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, আবু মুসার চতুর্থ ছেলে শেখ জয়নাল আবেদীন বাদি হয়ে সোনাডাঙ্গা থানায় মামলা করেন শনিবার। মামলায় ছোট ভাই শেখ মাহাবুব হোসেন মানুকে আসামি করা হয়।
পুলিশ শনিবার রাতে নিরালা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে মাহাবুবকে গ্রেপ্তার করে বলে জানান শহিদুল।
তিনি জানান, মাদকের জন্য টাকা না পাওয়ায় বাবাকে হত্যার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন মাহাবুব।
তাকে হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার আদালতে আবেদন জানানো হবে জানান শহিদুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৭৫৮ ঘ.
bdnews24