খাগড়াছড়ি, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড়ি-বাঙালি সংঘর্ষের পর খাগড়াছড়িতে জারি করা ১৪৪ ধারা পাঁচ দিন পর রোববার প্রত্যাহার করা হয়েছে।
রাঙামাটির বাঘাইছড়ির ঘটনার জের ধরে রক্তক্ষয়ী সংঘাতের পর গত ২৩ ফেব্রুয়ারি ১৪৪ ধারা জারি করে সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছিলো।
জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, ১৪৪ ধারা দুপুর ১২টা থেকে প্রত্যাহার হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে শহরে র্যাব ও সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রাখা হয়েছে।
প্রশাসনের উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে শান্তি সমাবেশ করা হয়েছে। সব সম্প্রদায়ের সমন্বয়ে প্রত্যেক ওয়ার্ডে গঠন করা হয়েছে শান্তি কমিটি।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত ১২১টি পরিবারকে চিহ্নিত করে প্রশাসন থেকে ত্রাণ দেওয়া হয়েছে। এই পরিবারগুলোকে আগামী তিন মাস ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হবে।
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আসাদ্দুজ্জামান বলেন, সাতভাইয়াপাড়া মারমা এলাকায় পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে দুস্কৃতকারীরা। আটক ৭৬ জনের মধ্যে আটজনকে সনাক্ত করা হয়েছে।
তিনি বলেন, "শালবন এলাকা থেকে মশ্যা কাসেম ও কসাই মনির নেতৃত্বে ঘটনাটি ঘটেছে বলে জানতে পেরেছি। চট্টগ্রাম থেকে মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে ঘটনায় মদদ দেওয়ার প্রমাণ রয়েছে গোয়েন্দা সংস্থার কাছে।"
ক্ষতিগ্রস্ত সাতভাইয়াপাড়ার বাসিন্দা গোলাবাড়ী ইউনিয়ন পরিষদ সদস্য কংচাই মারমা বলেন, পূর্ব শত্র"তার জের ধরে মশ্যা কাসেম'র নেতৃত্বে আমাদের গ্রামে হামলা চালিয়ে ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে এবং লুটপাট করেছে।
গত ২৩ ফেব্রুয়ারি পাহাড়ি-বাঙালি সংঘর্ষের সময় শহরতলীর সাতভাইয়াপড়ায় একজন নিহত হয়। শহরের বিভিন্ন স্থানে ওই সংঘর্ষে আহত হয়ে বেশ কয়েকজন। এরপর সেখানে সেনাবাহিনী নামানো হয় এবং জারি করা হয় সান্ধ্য আইন।
রাঙামাটির বাঘাইছড়িতে ভূমি বিরোধ নিয়ে পাহাড়ি-বাঙালি সংঘাতে কয়েকজন নিহত হওয়ার পরপরই খাগড়াছড়ি উত্তপ্ত হয়ে ওঠে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৫৬ ঘ.
bdnews24