ভোলা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলার লালমোহন উপজেলায় মেঘনা নদীতে জলদস্যুদের গুলিতে আহত হয়েছেন তিন জেলে। তাদের হামলায় আহত হয়েছে আরো অন্তত ১৪ জেলে।
হামলার পর দস্যুরা জাল ও অন্যান্য জিনিসপত্রসহ ট্রলারটি নিয়ে গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ধলীগৌরনগর ইউনিয়নের লতার চর নামক স্থানে দস্যুরা জেলেদের ওপর হামলা চালায় বলে সাংবাদিকদের জানিয়েছেন আহত জেলে আব্দুর রব।
তাকে দস্যুরা কুপিয়ে জখম করে। তার বাড়ি চতলা এলাকায়।
তিনি জানান, তজুমদ্দিন উপজেলার চাঁচড়া এলকার জামাল মাঝির ট্রলারে হামলা চালায় জলদস্যুরা। এ সময় জলদস্যুরা ট্রলারের ১৩ জন মাঝি মাল্লাকে নির্মম ভাবে পিটিয়ে আহত করে লতার চরে নামিয়ে দেয়।
ঘটনার সময় সাহায্য করতে গেলে ধলীগৌরনগর এলাকার অপর দু ট্রলারের মাঝি মাল্লাদের উপর জলদস্যুরা গুলি ছুড়ে। এতে ধলীগৌরনগর ইউনিয়নের কুণ্ডের হাওলা এলাকার শাহাবুদ্দিন মাঝি, সেলিম মাঝি ও সালাউদ্দিন মাঝি গুলিবিদ্ধ হন।
আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
এ ব্যাপারে ধলীগৌরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মৎস্যজীবি হেদায়েতুল ইসলাম মিন্টু জানান, গত কয়েক দিন ধরে মেঘনায় ডাকাতি ও দস্যুতা বেড়ে গেছে।
ঘটনার পর থেকে মেঘনার বাতির খাল, কামারের খাল ও গাইট্টা চ্যানেলে জেলেরা মাছ ধরতে যাচ্ছে না বলে তিনি দাবি করেন।
লালমোহন থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে কেউ থানায় কোনো অভিযোগ করেনি।
উপকূলরক্ষী বাহিনীর (কোস্ট গার্ড) ভোলা দক্ষিণ জোনের কমান্ডার জাবেদ ইকবাল জানান, তারা মেঘনায় ডাকাতির খবর পাননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৫ ঘ.
bdnews24